ডা. কাজেম আলী হত্যা: পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলের দিকে অভিযোগের তীর
মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যার ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তৎকালীন দুই কর্মকর্তা বিজয় বসাক ও উৎপল কুমারের দিকে অভিযোগের ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা। বিজয় কুমার বসাক আরএমপির তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার ও উৎপল কুমার সাইবার ক্রাইম ইউনিটের প্রধান ছিলেন।
বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ও স্মরণসভায় চিকিৎসকরা এমন ইঙ্গিত দিয়েছেন। রামেক হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরে ডা. কাজেম আলী স্মরণে একটি স্মরণসভাও আয়োজিত হয়।
এ সময় ডা. কাজেম আলী আহমেদ খুনের ঘটনায় করা মামলার কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন চিকিৎসকরা। এ ছাড়া ওই ঘটনায় তারা এখনও আতঙ্কে রয়েছেন বলেও উল্লেখ করেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. এম মুর্শেদ জামান মিঞা। তিনি বলেন, গত বছরের ২৯ অক্টোবর নগরীর বর্নালি মোড়ে ডা. কাজেম আলী নির্মম ও নৃশংসভাবে খুন করা হয়। বিনয়ী ও সদালাপী মানুষ ছিলেন তিনি। ব্যক্তিগত কারণে তিনি খুন হননি। রাজনৈতিক কারণে তাকে খুন করা হয়েছে। তবে মামলার এখনো কোনো অগ্রগতি নেই। খুনের বিচার নিয়ে আমরা শঙ্কিত।
ডা. এম মুর্শেদ জামান মিঞা বলেন, ঘটনার সময়কার সিসিটিভি কাট করে নেওয়া হয়েছে। ওখানকার আগে-পরের ফুটেজ আছে। তবে ওই সময়ের ফুটেজ নাই। দোকানদার জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ও কয়েকটা এজেন্সি নিয়ে গেছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি এবং বলি, আপনারা তো ধরতে পারেন। কিন্তু তারা ধরছে না।
ডা. মুর্শেদ জামান মিঞা বলেন, ওই সময়ে খুনের ১৮টা ইভেন্ট ঘটে। নরমাল খুনি এভাবে মারতে পারে না। তারা শিক্ষিত কিলার ছিল। নির্বাচনের পূর্বমুহূর্তে এই ঘটনা ঘটলো। নির্বাচনী পরিবেশ তৈরির জন্য এটা হয়। চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের দুজন লোক প্রতিবাদ জানিয়েছিল, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।
এ সময় রাজশাহীর দুজন পুলিশ কর্মকর্তার নাম বলেন ডা. মুর্শেদ। তিনি বলেন, পুলিশের বিজয় বসাক (অতিরিক্ত পুলিশ কমিশনার, আরএমপি) এবং উৎপল কুমারকে (সাইবার ক্রাইম ইউনিট প্রধান, আরএমপি) ধরলে খুনের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। পলিটিক্যাল কারণে খুন হয়েছে। ইন্ডিয়ান র এজেন্ট যুক্ত থাকতে পারে। ওই সময় আমাদেরও বলা হয়, আপনারা নিরাপত্তা নিয়ে চলেন। আমাদের গানম্যান নিয়ে চলতে হয়।
সংবাদ সম্মেলনে চিকিৎসক নেতারা বলেন, ডা. কাজেম খুন সুপরিকল্পিত, ঠান্ডা মাথার পরিকল্পনা। ব্যক্তিগত কোনো ঘটনা দায়ী- এটা আমাদের মনে হয়নি। এখনো আতঙ্ক বিরাজ করছে। তবে যে ঘটনায় হোক, মানুষ হিসেবে খুন হয়েছে, কারা করলো এটার জানার ও বিচার পাওয়ার অধিকার আছে। চার্জশিটও দিবে না, ঝুলিয়ে রাখবে- এটা হতে পারে না। আমরা এখনো কেউ নিরাপদ নই।
বিচারের দাবিতে চিকিৎসকরা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা কর্মবিরতিতে যেতে পারি। তবে জনস্বার্থ দেখতে হয়, আবার আমাদের স্বার্থও দেখতে। সাধারণ মানুষের ক্ষতি করতে পারি না।
সংবাদ সম্মেলনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহীর সভাপতি অধ্যাপক ডা. ওয়াসিম হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম রাজশাহীর সভাপতি অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন আহমেদ, নিহত ডা. কাজেম আলীর ঘনিষ্ঠ বন্ধু ডা. জাহাঙ্গীর হোসেনসহ রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে মেডিকেল কলেজের আমির উদ্দিন গ্যালারিতে উপাধ্যক্ষ অধ্যাপক জহিরুল হকের সভাপতিত্বে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিএমএর সাবেক সভাপতি অসীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ড্যাবের সেক্রেটারি ডাক্তার মনোয়ার তারিখ সাবু, জেলা এনডিএফের সেক্রেটারি ডা. এম মোর্শেদ জামান মিঞা, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কাজী মহিউদ্দিন আহমেদ ও রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল হক আজাদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ।
চিকিৎসদের একাধিক সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগীদের চিকিৎসা দিতেন ডা. আলী আহমেদ। প্রতিদিনের মতো রোববার রাতে রোগী দেখে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বর্ণালীর মোড়ের খানিকটা আগে রাজীব চত্বরের বিপরীত পাশে মসজিদের নিকট তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় অতর্কিতে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। শুরুতে সাধারণ ওয়ার্ডে (৫ নম্বর) ভর্তি করা হলেও পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যে ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা. কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন রামেকের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ডার্মাটোলজিতে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ডিডিভি করেন। তিনি অল্প সময়ে কসমেটিক সার্জারিতে অভিজ্ঞতা অর্জন করেছিলেন।
এনএআর/
-
২৯ নভেম্বর, ২০২৩
-
০২ নভেম্বর, ২০২৩
-
৩০ অক্টোবর, ২০২৩
-
৩০ অক্টোবর, ২০২৩
-
৩০ অক্টোবর, ২০২৩