ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮
মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৪৮ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১১ জনে।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগের চারজন। এছাড়া বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন। হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬০, ঢাকা উত্তর সিটিতে ২৭৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭, খুলনা বিভাগে ১০৭ আক্রান্ত হয়েছেন। এছাড়াও রংপুর বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬