২৫ অক্টোবর, ২০২৪ ০৪:১১ পিএম

খাবার স্যালাইনের অন্যতম উদ্ভাবক রিচার্ড ক্যাশ আর নেই

খাবার স্যালাইনের অন্যতম উদ্ভাবক রিচার্ড ক্যাশ আর নেই
ড. রিচার্ড ক্যাশ

মেডিভেয়েস রিপোর্ট: জনস্বাস্থ্য গবেষক ও খাবার স্যালাইনের অন্যতম উদ্ভাবক ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের শিক্ষক ছিলেন ড. রিচার্ড।

ড. রিচার্ড ক্যাশ ১৯৬৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল স্কুল থেকে শিক্ষাজীবন শেষ করে চিকিৎসক হিসেবে ঢাকার কলেরা রিসার্চ ল্যাবরেটরিতে (বর্তমান আইসিডিডিআর, বি) যোগদান করেন। এখানে তিনি অন্য গবেষকদের সঙ্গে মিলে ডায়রিয়া নিরাময়ে খাবার স্যালাইনের কার্যকারিতা নিয়ে গবেষণা করে সফলতা অর্জন করেন। তাঁর এই যুগান্তকারী উদ্ভাবন ডায়রিয়া থেকে বাংলাদেশসহ বিশ্বের লাখ লাখ মানুষের জীবন রক্ষায় সহায়ক হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে জনমত তৈরি, অর্থ সংগ্রহ ও স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার' সম্মাননা প্রদান করে।

ড. ক্যাশ ১৯৪১ সালের ৯ই জুন জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও বাংলাদেশকে তাঁর দ্বিতীয় বাড়ি (সেকেন্ড হোম) বলে মনে করতেন তিনি।

ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি. গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ, দিল্লির পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়াসহ সারাবিশ্বে জনস্বাস্থ্যের বেশকিছু স্কুলে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. ক্যাশ।

২০০৬ সালে  ব্র্যাক ইউএসএ অফিস প্রতিষ্ঠায় তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং বিগত প্রায় দুই দশক ধরে তিনি ব্র্যাক ইউএসএ বোর্ডের সদস্য ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. ক্যাশের মৃত্যুর সংবাদ জানিয়ে ব্র্যাক পরিবারের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করা হয়েছে।

জনস্বাস্থ্যের ক্ষেত্রে যুগান্তকারী অবদানের জন্য ড. রিচার্ড ক্যাশ অনেক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে রয়েছে, ২০০৬ সালে ‘প্রিন্স মাহিদল পুরস্কার’, যেটি বিশ্বব্যাপী জনস্বাস্থ্য উদ্ভাবনের ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় স্বীকৃতি। ২০১১ সালে  ‘ফ্রাইজ প্রাইজ ফর ইম্প্রুভিং হেলথ’ পুরস্কারও পান তিনি।

টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথ’-এর একজন শিক্ষক হিসেবে ৪০ বছরেরও বেশি সময়ের অ্যাকাডেমিক ক্যারিয়ারে জনস্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করেছেন বরেণ্য এই গবেষক।

ড. রিচার্ড ক্যাশের বিদায় এক অপূরণীয় ক্ষতি। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করার ক্ষেত্রে তাঁর অবদান আগামীতেও লাখ লাখ মানুষের জীবনরক্ষা করতে ভূমিকা রাখবে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও