০৬ অক্টোবর, ২০২৪ ০৯:২৪ পিএম

শহীদদের স্মরণ অনুষ্ঠানে বাধার খবর ভুল বোঝাবুঝি: সোহরাওয়ার্দী অধ্যক্ষ

শহীদদের স্মরণ অনুষ্ঠানে বাধার খবর ভুল বোঝাবুঝি: সোহরাওয়ার্দী অধ্যক্ষ
অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ অনুষ্ঠানে বাধা দেওয়ার খবর ভুল বোঝাবুঝি বলে জানিয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলাম।

আজ রোবাবর (৬ অক্টোবর) রাতে মেডিভয়েসকে ফোনালাপে এ কথা জানান তিনি।

বাধা নেওয়া নয়, বরং সুন্দর পরিবেশে অনুষ্ঠানটি হোক চেয়েছিলেন জানিয়ে তিনি বলন, ‘দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এটা সংস্কার ও নতুন করে গড়ে তোলার সময়। আমাদের মধ্যে এটা তীব্রভাবে কাজ করে। আন্দোলনে আহত অনেক ছাত্র-জনতা এখনো আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এজন্য তাদেরকে বলেছিলাম, তোমরা কিছু দিন পরে অনুষ্ঠানটা করো।’ 

শিক্ষার্থীরা সন্তানের মতো উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্টের আগে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি দূরত্ব ছিল। এখন এটা নেই। যেহেতু আমরা এখনো গড়ার মধ্যে আছি, সেহেতু সময় চেয়েছিলাম। তবে কথাগুলোকে তারা বাধা মনে করেছে। এটা স্রেফ ভুল বোঝাবুঝি।’ 

‘এখন তো কোনো ছাত্র সংসদ নেই। আমার ইচ্ছা ছিল ছাত্র সংসদের ব্যানারে কিছু একটা করতে’যোগ করেন অধ্যাপক সাকি মোহাম্মদ জাকিউল ইসলাম।

শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোগ নিয়ে তাঁকে অবহিত করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সাধারণত যে কোনো কর্মকাণ্ড পরিচালনায় শিক্ষকদের একটি সুপারভিশন থাকে। তাতে জিনিসটি সুন্দর হয়। তা ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আমাদের ভাবনার বিষয়। কারণ একটা অপ্রীতিকর কিছু ঘটলে দায়টা আমার মাথায় চলে আসে।’

এর আগে দুপুরে স্মরণ অষ্ঠানের দাওয়াত প্রদানের জন্য সোহরাওয়ার্দী অধ্যক্ষের কার্যালয়ে যান শিক্ষার্থীরা। কিন্তু তাতে তিনি অসম্মতি প্রদান করেন বলে অভিযোগ এনে তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থী।

জানা গেছে, ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আগামী ৮ অক্টোবর অনুষ্ঠানের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে দুপুরে প্রীতি ভোজ এবং দিন শেষে আলোচনা ও ‘দ্রোহের সন্ধ্যা’ শিরোনামে সংগীতের আয়োজন রয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত