‘আন্দোলনে আহতদের চিকিৎসায় উন্নত দেশগুলোর সঙ্গে কথা হচ্ছে’
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছাত্র-জনতার আন্দোলনে আহত ১৪ জন চিকিৎসাধীনের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তার উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে হাসপাতালটির বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন এবং দেখে তারা বলেছেন, আমাদের চিকিৎসকরা যে চিকিৎসাসেবা দিয়েছেন সেটা যথাযথ হয়েছে। তারা থাকলেও একই চিকিৎসা করতেন। এদের ভেতর তিনজন আহত রোগীকে নিয়ে বলেছেন, তারা দেশে গিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে মতামত জানাবেন।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মধ্যে ৬৭ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাদের অনেকে চলে গেছেন আবার হয়তো ফলোআপে আসবেন। বর্তমানে ১৪ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন, এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।
আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয়ের বিষয়ে নুরজাহান বেগম বলেন, আমার মনে হয় এই কথাটি ঠিক নয়। সরকার ৮ তারিখে (আগস্ট) দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দিয়েছে সব চিকিৎসার ব্যয় সরকার নেবে। আমরা সব হাসপাতাল থেকে তালিকা নিয়েছি এবং সেই তালিকা অনুযায়ী আহত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
এনএএন/