বিশ্ব ফার্মাসিস্ট দিবস
গবেষণায় স্বাস্থ্যখাতকে বহুদূর এগিয়ে নেওয়ার আহ্বান মাভাবিপ্রবি ভিসির
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের গবেষণা ও মেধার মাধ্যমে স্বাস্থ্যখাতকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আনোয়ারুল আজীম বলেন, যোগদানের পর এটি আমার প্রথম কোনো প্রোগ্রাম। একাডেমিক কার্যক্রমের সাথে ইন্ডাস্ট্রিয়াল আন্ত:সম্পর্ক স্থাপন করা অতীব জরুরি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের একজন শিক্ষার্থী বক্তব্যে তুলে ধরেছে ফার্মেসির সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পারস্পরিক সম্পর্ক পারস্পরিক সম্পৃক্ততা। আসলেই তাই। কারণ এই দুইয়ের সমন্বয়ে চিকিৎসাখাত অনেক আধুনিক হয়েছে। তোমরাও ভবিষ্যতে আরো নতুন নতুন যুগোপযোগী গবেষণা করো।

‘ফার্মাসিস্টরা বিশ্বব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ করে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে উচ্চশিক্ষালয়টির ফার্মেসি বিভাগ।
দিনটি উপলক্ষে বিভাগের পক্ষ থেকে উপাচার্যের নেতৃত্বে এদিন সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে ১২তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন এবং টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।
এই আলোচনা সভা অনুষ্ঠানে ‘ফার্মেসি ও ফার্মাসিস্ট দিবস’ শীষর্ক প্রবন্ধ পাঠ করেন সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী। তিনি তার প্রবন্ধে হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগ এবং ফার্মেসি একাডেমিক কার্যক্রম ও ওষুধ কোম্পানির আন্ত:সম্পর্ক স্থাপন করার দাবি তুলে ধরেন।

এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. মো. হযরত আলী ও শিক্ষার্থী মো. মেহেদী হাসান শাহেদ। কর্মসূচিতে বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর এই দিনটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
এনএএন/