‘আপনার আপা প্রতিটা মেডিকেলের নিহত-আহতদের তালিকা নষ্ট করে গেছে’
মেডিভয়েস রিপোর্ট: গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার আগে আহত-নিহতের প্রমাণ সরাতে শেখ হাসিনা প্রতিটি মেডিকেলের রেজিস্ট্রার তালিকা নষ্ট করে গেছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একজনের মন্তব্যের জবাবে এই কথা বলেন তিনি।
বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের টাকা কিভাবে জমা রাখা হয়েছে সে বিষয়ে কথা বলতে একটি ভিডিও পোস্ট করেছিলেন হাসনাত। সে পোস্টের কমেন্টে সমন্বয়কদের বিভিন্ন জেলা সফর না করে আহতদের খোঁজ নেওয়ার পরামর্শ দেন ওই ব্যক্তি।
হাসান উদ্দীন নামের ওই ব্যক্তি এক পা হারানো পাঁচ তরুণের ভাইরাল একটি ছবি জুড়ে দিয়ে কমেন্টে লিখেন, ‘নিহত আহত পঙ্গুত্ব পরিবারের খোঁজখবর নিন জেলায় সফর না করে।’
এই মন্তব্যের জবাবে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘জি না, প্রতিটা মেডিকেলের রেজিস্ট্রার বহিতে নিহত ও আহতদের তালিকা নেই। আপনার আপা সেগুলো নষ্ট করে দিয়ে গেছে। এখন এগুলো বাড়ি বাড়ি গিয়ে খুঁজে আনতে হচ্ছে।’
কমেন্ট সেকশনে হাসনাতের এই বক্তব্যকে সমর্থন করতে দেখা গেছে অনেককে। লিলি নামে এক নারী লিখেছেন, ‘খুবই দুঃখজনক যে, আহত নিহতদের তালিকা নষ্ট করে ফেলেছে। যাই হোক ভাই কষ্ট করে হলেও খোঁজ-খবর নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদের তালিকা তৈরি করে আহতদের দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। প্রয়োজনে সরকারি সহায়তায় বিদেশে নিয়ে চিকিৎসা করান।’
গত রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর শুরু করেছে। বলা হচ্ছে, গণঅভ্যুত্থানকে সুসংহত করতে সারাদেশে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করতে সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের এই সফর। আলাদা টিম গঠন করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সফরকালে সংশ্লিষ্ট জেলার শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন ছাত্র নেতারা। একইসঙ্গে ছাত্র-নাগরিক সমাবেশে উপস্থিত জনতার মতামত শুনছেন, দিচ্ছেন দিকনির্দেশনামূলক বক্তব্য।
এনএআর/