‘বিশেষ বিবেচনায়’ এমবিবিএসে ভর্তির চতুর্থ মাইগ্রেশন শুরু হচ্ছে কাল
মেডিভয়েস রিপোর্ট: সরকারি মেডিকেল কলেজে চতুর্থ মাইগ্রেশনের আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার (২৫ আগস্ট)। বুধবার (২৮ আগস্ট) পর্যন্ত অনলাইনে এই আবেদন করা যাবে। মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।
গত সোমবার (১৯ আগস্ট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস/বিডিএস ভর্তি কমিটির সভায় বিশেষ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বুধবার (২১ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ মাইগ্রেশনের জন্য সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিরত শিক্ষার্থীদের অনলাইন আবেদন গ্রহণের সময় শুরু হবে আগামীকাল ২৫ আগস্ট সকাল ১০টায়। আগামী ২৮ আগস্ট রাত ৯টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আগামী ২ সেপ্টেম্বর এর ফল প্রকাশ করা হবে। পরে ৩ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
এতে আরও বলা হয়, চতুর্থ মাইগ্রেশনের পর শূন্য আসনে ভর্তির জন্য আবেদন ৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ১৪ তারিখ পর্যন্ত টেলিটকের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফল প্রকাশ হবে ১৮ সেপ্টেম্বর। পরদিন থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় ছেলেদের পাসের হার ৪০.৯৮% (২০ হাজার ৪৫৭) এবং মেয়েদের পাসের হার ৫৯.০২% (২৯ হাজার ৪৬৬)।
পরে তিন দফায় মাইগ্রেশন অনুষ্ঠিত হয়। একই সাথে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তিও নেওয়া হয়। কিন্তু চতুর্থ দফায় কোনো মাইগ্রেশন হবে না বলে ওই সময় মেডিভয়েসকে জানিয়েছিলেন অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর।
এনএআর/