এনএসআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল সরোয়ার ফরিদ
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে ডিএসসিএসসির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বিএমএ'র কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ এনএসআই প্রধান পদে মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। এনএসআইয়ের দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় মেজর জেনারেল মোরশেদকে সরানো হলো।
এছাড়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ডিএসসিএসসি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান। সোমবার তাকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক করে আদেশ জারি হয়।
এনএএন/