১২ অগাস্ট, ২০২৪ ০৮:২৫ পিএম

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ চেয়ে বিক্ষোভ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ চেয়ে বিক্ষোভ
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ চেয়ে বিক্ষোভ। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে নগরের চৌহাট্টা এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা।

মিছিলটি ক্যাম্পাসের পার্শ্ববর্তী চৌহাট্টা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম এনায়েত হোসেন, কোষাধ্যক্ষ শাহ আলম ও রেজিস্ট্রার আবুল কালাম মো. ফজলুর রহমানের পদত্যাগ দাবি করেন।

পরে বেলা একটার দিকে সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করতে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারের পদত্যাগ জরুরি হয়ে পড়েছে। সদ্য পদত্যাগী আওয়ামী লীগ সরকারের আমলে তাঁরা অযোগ্যতা, দুর্নীতি, অসদাচারণ, ক্ষমতার অপব্যবহার ও মাত্রাতিরিক্ত দলীয়করণ করেন।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবু মুসা, কাজী মাসুদ, মো. শফিকুল ইসলাম ও ফাতেমা তুজ জোহুরা, কর্মচারী মোহাজিরুল ইসলাম রাহাত, আবদুস সামাদ চৌধুরী, নাদিম সীমান্ত, তিলোত্তমা দাস, রিনি রানি তালুকদার, মো. তারেক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামফলক সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের এক দিন পর বিশ্ববিদ্যালয়ের একদল কর্মকর্তা-কর্মচারী এ নামফলক সরিয়ে ফেলেন।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত