১২ অগাস্ট, ২০২৪ ১০:৫২ এএম

এডহক ও এনক্যাডারদের অবৈধ পদায়ন বাতিল

এডহক ও এনক্যাডারদের অবৈধ পদায়ন বাতিল
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন সময়ে এডহক, এনক্যাডার, নন ক্যাডার ও প্রকল্পে নিয়োগ পাওয়া চিকিৎসা কর্মকর্তাদের অবৈধ পদায়ন আদেশ বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (১১ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ডেপুটি সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা, জুনিয়র লেকচারার, আবাসিক সার্জন, আবাসিক মেডিকেল অফিসার, আবাসিক চিকিৎসক, সিনিয়র স্টোর অফিসার, কিউরেটর, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট, প্রিন্সিপাল মেডিকেল ফিজিওথেরাপিস্ট, সিনিয়র লেকচারার ফিজিওথেরাপি, সুপারন্টেডেন্ট ও সহকারী পরিচালক তথ্য তথা সআস্থ্য বিভাগের সিনিয়র স্কেল ক্যাডার পদে ক্যাডার কর্মকর্তাদেরকে বিধিমোতাবেক পদোন্নতির মাধ্যমে পদায়ন নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

‘ওই পদসমূহে ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্ব হিসেবে পদায়িত এডহক ও প্রকল্পভুক্ত (পরবর্তিতে এনক্যাডারকৃত) এবং প্রকল্পভুক্ত চিকিৎসক কর্মকর্তাবৃন্দকে বদলি করে জেষ্ঠ্যতার ভিত্তিতে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি প্রাপ্ত ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে উক্ত পদসমূহ পূরণ করা হবে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, বিভিন্ন স্মারকে এডহক, এনক্যাডার, নন ক্যাডার ও প্রকল্পে নিয়োগকৃত চিকিৎসক কর্মকর্তাদেরকে উপরে উল্লিখিত পদসমূহে বিভিন্ন সময়ে জারিকৃত পদায়ন আদেশ বাতিল করে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হলো। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। এতে অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে।’

এই পদায়ন আদেশ বাতিল করার পর পরই স্বাস্থ্য অধিদপ্তরকে অভিনন্দন জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক ডা. মোহাম্মদ নেয়ামত হোসাইন ও সদস্য সচিব ডা. উম্মে তানিয়া নাসরিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাস্থ্যখাতে মানবসম্পদ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন গত ১১ জুলাই ২০২৪ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ প্রদান করে যার নং ২৬-৭২৪৪। ওই আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নং ডিজিএইচএস/পার-২/বিবিধ-২০২৪/৬৪৭৭, এর মাধ্যমে সকল প্রকার নন বিসিএস তথ্য এডহক, নন ক্যাডার, এন ক্যাডার, প্রকল্প ইত্যাদির চিকিৎসকদের ক্যাডার পদে পদায়ন বাতিল করেছে। এর মাধ্যমে স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের চলমান অনিয়মসমূহ সংস্কারের প্রথম ধাপের সূচনা করলো স্বাস্থ্য অধিদপ্তর। এরজন্য অ্যাসোসিয়েশন স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করছে।’

তাঁরা আরও জানিয়েছেন, প্রায় শতাধিক অবৈধ পদায়ন বাতিলের মাধ্যমে বৈষম্যহীন ও ইতিবাচক সংস্কারের নজির সৃষ্টি করেছে অধিদপ্তর।

এর আগে বিভিন্ন সময়ে এডহক, এনক্যাডার, নন ক্যাডার ও প্রকল্পে নিয়োগ পাওয়া চিকিৎসা কর্মকর্তাদের অবৈধ পদায়ন আদেশ বাতিলের দাবিতে আন্দোলন করেন চিকিৎসকরা। এই আদেশ বাতিলের মাধ্যমে অনেক চিকিৎসকের দীর্ঘ দিনের দাবি পূরণ হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক