০৯ অগাস্ট, ২০২৪ ০১:০৬ পিএম

রাত জেগে দেশের নিরাপত্তায় শিক্ষার্থীরা

রাত জেগে দেশের নিরাপত্তায় শিক্ষার্থীরা
ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তরুণ ছাত্রসমাজ ও জনতার সাম্প্রতিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এ সময় ছাত্র-জনতার পাশাপাশি নিহত হয়েছেন দেশের আইন-শৃঙ্খলা কাজে নিয়োজিত অনেক পুলিশ সদস্যও। এ ছাড়া দেশব্যাপী চার শতাধিক থানা ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙ্গে পড়েছে জনসেবা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় বেশ কিছু দাবি জানিয়ে কর্মবিরতি করছেন পুলিশ সদস্যরা।

এমন পরিস্থিতিতে যানজট নিয়ন্ত্রণেও নেই ট্রাফিক পুলিশ। ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মাঝে। রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে চুরি-ডাকাতির অভিযোগও আসছে। এ অবস্থায় দায়িত্ব হাতে তুলে নিয়েছেন দেশের তরুণ শিক্ষার্থীরা।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন তারা। এ ছাড়া রাত জেগে নিজ নিজ এলাকা পাহারাও দিচ্ছেন এই তরুণরা। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় ডাকাতির চেষ্টার সময় অনেককে আটক করে তুলে দিয়েছেন বর্তমানে দেশব্যাপী মোতায়েন থাকা সেনাবাহিনীর হাতে।

সরকারি বিভিন্ন অফিস, থানা এবং সংখ্যালঘুদের বাড়িঘর-উপসনালয়ও পাহারা দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। যা পুলিশহীন এই শহরে কিছুটা স্বস্তি দিচ্ছে জনজীবনে। কিছু বিষয়ে সামান্য ভোগান্তি হলেও, হাসিমুখে মেনে নিচ্ছেন সবাই।

রাজধানীতে সব থেকে বেশি ডাকাতির আতঙ্ক তৈরি হয় মোহাম্মদপুর ও উত্তরা এলাকায়। তবে এলাকাগুলোতে রাত জেগে পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা। সন্দেহজনক গতিবিধির কাউকে দেখলেই আটক করছেন স্থানীয়রা।

এ পথ যারা যেভাবেই আসছেন, সবাইকে থামিয়ে জানতে চাওয়া হচ্ছে পরিচয়, গন্তব্য। চলছে তল্লাশি। পুলিশহীন এই শহরে রাত জেগে শিক্ষার্থী ও তরুণদের এই স্বেচ্ছাশ্রমকে ইতিবাচক হিসেবেই দেখছেন নগরবাসী।

গত কয়েকদিন ধরেই নগরীতে চলছে ডাকাত আতঙ্ক। এতে কাঁঠালবাগানে মসজিদের মাইকে ডাকাত দলের খবর দেয়া হয়। যাতে সড়কে নেমে আসেন স্থানীয়রা। প্রতিটি গাড়ি তল্লাশি করেন তারা। এ সময় একটি অ্যাম্বুলেন্সে থাকা ৫ যাত্রী আটক হন। স্থানীয়দের অভিযোগ, রোগীহীন অ্যাম্বুলেন্সটিতে থাকা যাত্রীদের আচরণ ছিল সন্দেহজনক।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক