রাজধানীসহ সারাদেশে বৃষ্টি বাড়ার আভাস
মেডিভয়েস রিপোর্ট: রাজধানী ঢাকাসহ সারাদেশের অধিকাংশ জায়গার আকাশ আজ শুক্রবার সকাল থেকেই মেঘলা। কোথাও কোথাও হচ্ছে থেমে থেমে বৃষ্টি। শ্রাবণের মাঝামাঝিতে এসে গতকাল বৃহস্পতিবার থেকেই চলছে এই বৃষ্টির ধারা।
শুক্রবার (২ আগস্ট) সকালে আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর চাপে সমুদ্রে সঞ্চালনশিল মেঘমালার কারণে এই বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে। এ ছাড়া এই বৃষ্টি আগামী কয়েকদিন থেমে থেমে স্থায়ী হতে পারে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃষ্টিপাত আরও ১০ দিন থেমে থেমে অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টির আধিক্য কম থাকলেও আবারও বাড়বে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে। সেখানে বৃষ্টি হয়েছে ২৭৬ মিলিমিটার। এরপরে এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। সেখানে ২১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বৃষ্টি বেশি হচ্ছে। সে তুলনায় ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম। আগামীকাল শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। পরশু রোববার থেকে আবার বৃষ্টি বাড়তে পারে।
এনএএন/