সরকারি চাকরিতে মেধায় নিয়োগ ৯৩ শতাংশ
মেডিভয়েস রিপোর্ট: এখন থেকে সরকারি চাকরিতে সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ৯৩ শতাংশ। বাকি ৭ শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে। তবে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে।
মঙ্গলবার (২৩ জুলাই) সরকারি চাকরিতে নিয়োগে এমন বিধান রেখে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত রোববার এ সংক্রান্ত চূড়ান্ত আদেশ দেন আপিল বিভাগ। এরই প্রেক্ষিতে আদালতের আদেশ পুরোপুরি অক্ষুণ্ণ রেখে প্রজ্ঞাপন দিল সরকার।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে সব গ্রেডে মেধার ভিত্তিতে সরাসরি নিয়োগ ৯৩ শতাংশ। বাকি পদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ এবং নৃ-গোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ।
সরকারি চাকরিতে নিয়োগ হয় মূলত ৯ম থেকে ২০তম গ্রেডে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মুখে ৯ম থেকে ১৩তম গ্রেডে ৫৬ শতাংশ কোটা বাতিল করে ৪ অক্টোবর পরিপত্র জারি করে সরকার। এ ছাড়া বাকি গ্রেডে মেধার পাশাপাশি কোটার ভিত্তিতে নিয়োগের বিষয়টি আগের নিয়মেই বহাল ছিল।
সরকারের পরিপত্রকে চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন সাত শিক্ষার্থী। এ নিয়ে জারি করা রুলের শুনানি শেষে চলতি বছরের ৫ জুন রায় দেন উচ্চ আদালত। এরপর কোটা পদ্ধতির সংস্কার চেয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তবে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের এই রায় গত রোববার সামগ্রিকভাবে বাতিল করে পূর্ণাঙ্গ রায় দেন আপিল বিভাগ।
রায়ে মেধাভিত্তিক ৯৩ শতাংশ এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ অন্যদের জন্য বাকি ৭ শতাংশ কোটা নির্ধারণও করে দেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা হুবহু অক্ষুণ্ণ রেখে প্রজ্ঞাপন জারি করলো সরকার।
এনএএন/এমইউ