১৩ জুলাই, ২০২৪ ০৩:২৪ পিএম

পঞ্চাশ শয্যার সব হাসপাতাল একশ’তে উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চাশ শয্যার সব হাসপাতাল একশ’তে উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পর্যায়ক্রমে দেশের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, তৃণমূলের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে সরকার। আগামীর স্মার্ট বাংলাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো বলে আমরা আশাবাদী। বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা জোরদারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

শনিবার (১৩ জুলাই) সকালে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দীঘল ডাঙ্গি গ্রামে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ ছাড়া এদিন সকালে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং দুপুরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।

এই হাসপাতালগুলো পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের সব জায়গায় চিকিৎসা সংকট রয়েছে। সংকট কাটানোর জন্য নতুন করে কিছু চিকিৎসক নেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করি, সংকট কাটিয়ে উঠতে পারবো। এজন্য আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি।

প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের আসার আগ্রহ কম থাকার ব্যাপারে তিনি বলেন, আমি যদি চিকিৎসককে বাসস্থান ঠিকভাবে দিতে পারি, নিরাপত্তা দিতে পারি–তাহলে তারা মফস্বল শহরে আসবেন। আমি তাদের আসতে বাধ্য করবো। এখন অধিকাংশ জায়গায় মেয়েরা কাজ করেন। তাদের নিরাপত্তা প্রয়োজন, ভালো বাসস্থান প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসপাতালগুলোর নিরবচ্ছিন্ন সেবা প্রদানে সকল সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। এ ছাড়া কমিউনিটি ক্লিনিকের ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আমি এটির ওপর জোর দেওয়ার চেষ্টা করছি। কারণ, কমিউনিটি ক্লিনিককে স্বাবলম্বী করতে পারলে উপজেলা, জেলা সব জায়গায় ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জরুরি বিভাগ, এনসিডি কর্নার, লেবার ওয়ার্ড ও ওটি রুম পরিদর্শন করেন। এ ছাড়া সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিক উদ্বোধন শেষে সেখানে নিজের ব্লাড প্রেসার পরিমাপ করান স্বাস্থ্যমন্ত্রী। পরে কমিউনিটি ক্লিনিকের সামনে তিনটি গাছের চারা রোপণ করেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যমন্ত্রী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক