ডেঙ্গু পরিস্থিতি এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সন্তোষজনক
মেডিভয়েস রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ২০২৪ সালে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সন্তোষজনক অবস্থায় আছে। যদিও তারা চান, ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে থাকুক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু প্রত্যাশা করে না সরকার। কিন্তু মন্ত্রী বলেন, ‘পরিসংখ্যান বিবেচনায় আমরা এখনও ভালো অবস্থায় আছি।’
বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশকবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র ২০২৪ সালের ২য় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারত-বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ চিত্র তুলে ধরে তাজুল ইসলাম বলেন, গত ২ জুলাই পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ৩,৭৫১ জন, মৃত্যু ৪৬ জন। পক্ষান্তরে ভারতে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ১৯,৪৪৭ জন, শ্রীলঙ্কায় ২৩,৯৩১ জন, মালয়েশিয়ায় ৫০,৬৫০ জন এবং ইন্দোনেশিয়ায় ৮৮,৫৯৩ জন। এছাড়াও সিঙ্গাপুরের মতো উন্নত দেশেও গত ২৭ জুন ২০২৪ পর্যন্ত ৮,৯৬২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। থাইল্যান্ডে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩ হাজার।
মন্ত্রী বলেন, বিগত বছরগুলোর চেয়ে এ বছর ঢাকা শহরের মানুষকে অধিক সচেতন করতে পেরেছি। জনসচেতনতা বৃদ্ধি করতে সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সবাই কাজ করে যাচ্ছে। জেলা, উপজেলা এবং পৌরসভা পর্যায়ের গঠিত কমিটিগুলো যাতে সক্রিয়ভাবে কাজ করে সে বিষয়ে স্ব স্ব কর্তৃপক্ষকে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। গতবছরের ন্যায় এবছরও দেশের সব জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারকে এ সংক্রান্ত পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার বিভাগের সব প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। যে অঞ্চলগুলোতে বেশী মানুষ আক্রান্ত হচ্ছে, আমরা সে অঞ্চলকে হটস্পট হিসেবে চিহ্নিত করছি। তাৎক্ষণিকভাবে হটস্পটে প্রতিনিধি গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে রোগীর বৃত্তান্ত নিয়ে আমরা আক্রান্ত রোগীর অঞ্চল চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানসহ স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকতারা।
-
২৪ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬