৫০০ রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা দিলেন চিকিৎসক দম্পতি
মেডিভয়েস রিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়ায় মরহুম বাবার স্মরণে চিকিৎসক ছেলে ডা. আতিকুল ইসলাম বিনা খরচে সেবা দিয়েছেন ৫০০ রোগীকে। এ সময় তার চিকিৎসক স্ত্রী ডা. ফারিয়া ফেরদৌসও তার সঙ্গে রোগী দেখেছেন।
মঙ্গলবার (১৮ জুন) ধুলাস্বার ইউনিয়নের অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন মরহুম ইউপি মেম্বার রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে ও তার স্ত্রী। এই চিকিৎসক দম্পতি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে রফিকুল ইসলাম হাওলাদারের বড় ছেলে মাওলানা মাহবুবুল আলম বলেন, আমার বাবা সারাজীবন মানুষের সেবা করেছেন। আমাদের প্রতি তার নির্দেশ ছিল আমরা যেন মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকি। আমার ছোট ভাই একজন চিকিৎসক হওয়ায় এ আয়োজন করা হয়েছে। আমরা আজীবন এভাবে মানুষের পাশে থাকতে চাই।
ফ্রি স্বাস্থ্যসেবা বিষয়ক এই মেডিকেল ক্যাম্পটির দায়িত্বে ছিল ‘মানবতার ডাক’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির সভাপতি অহিদুল ইসলাম জানান, এই ক্যামে বালিয়াতলী, ধুলাসার, মিঠাগঞ্জ ডালবুগঞ্জ ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নের পাঁচ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন।
এনএএন/