০৬ জুন, ২০২৪ ০৫:১২ পিএম

বাজেট ২০২৪-২৫: স্বাস্থ্যখাতে যত প্রস্তাব

বাজেট ২০২৪-২৫: স্বাস্থ্যখাতে যত প্রস্তাব
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যখাতে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একইসাথে স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা প্রস্তাবনা উঠে এসেছে এবারের বাজেটে। মেডিকেল যন্ত্রপাতির আমদানির ওপর শুল্ক যেমন বাড়ানো হয়েছে, তেমনি এই বাজেটে কমছে অ্যাম্বুলেন্সের দাম।

আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় তিনি জানান, পূর্বের মতোই এ বছরও স্বাস্থ্যখাতে গুরুত্ব আরোপ করা হয়েছে। সে অনুযায়ী নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ওষুধ, চিকিৎসা সরবরাহ এবং স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির বিদ্যমান রেয়াত সুবিধা অব্যাহত রাখা হয়েছে।

বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, বাজেটে কিডনি চিকিৎসার গুরুত্বপূর্ণ উপাদান ফিল্টার এবং সার্কিটের শুল্ককর কমানো হয়েছে। যেখানে আগে এ পণ্য আমদানিতে শুল্ক ছিল ১০ শতাংশ, সেটি কমিয়ে এখন এক শতাংশ করা হয়েছে।

নির্দিষ্ট এইচএস কোডের অভাবে আগে স্পাইনাল নিডেল আমদানিতে কাস্টমস ক্লিয়ারেন্সে জটিলতা ছিল। বাজেটে এই পণ্যের জন্য এইচএস কোড সৃষ্টির পাশাপাশি আমদানিতে পাঁচ শতাংশ কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

একইভাবে চিকিৎসা সেবা সহজলভ্য করার ক্ষেত্রে সরকারের অব্যাহত নীতি সহায়তার অংশ হিসেবে অ্যাম্বুলেন্স হ্রাসকৃত শুল্কে আমদানির সুবিধা দেওয়া হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের দাম কমবে।

অ্যাম্বুলেন্স আমদানির বিষয়ে বলা হয়েছে, এর ন্যূনতম দৈর্ঘ্য নির্ধারিত না থাকায় শুল্কায়নে জটিলতা দেখা যায়। উক্ত জটিলতা নিরসনে আমদানির ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের প্যাসেঞ্জার কেবিনের ন্যূনতম দৈর্ঘ্য নয় ফুট নিরূপণ করে দেওয়া যুক্তিযুক্ত। সে অনুযায়ী সংশ্লিষ্ট এইচএস কোডের বর্ণনা পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। 

পাশাপাশি ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের বিজ্ঞপ্তিতে বেশ কিছু নতুন কাঁচামাল অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) প্রস্তুতকারকদের কাঁচামাল আমদানির জন্য রেয়াত সুবিধা সংক্রান্ত বিজ্ঞপ্তিতেও নতুন কিছু কাঁচামাল অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। এ ছাড়া ওষুধ শিল্পে ব্যবহৃত প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিজ্ঞপ্তিতে ‘অ্যাজিথ্রোমিসিন’ যুক্ত করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

ডেঙ্গু কিট আমদানিতে রেয়াতি সুবিধা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বিগত কয়েক বছর ধরেই দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং পরিস্থিতি প্রতি বছরই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এজন্য আমি ২০২৪-২৫ অর্থবছরে ডেঙ্গু কিট আমদানিতে রেয়াতি সুবিধায় তালিকাভুক্ত করার প্রস্তাব করছি।

তবে বাজেটে এতকিছু সুবিধার বিপরীতে রয়েছে দুঃসংবাদ। এবার মেডিকেল সরঞ্জাম আমদানিতে বাড়ানো হয়েছে শুল্ককর। রেফারেল হাসপাতালের শুল্কমুক্ত কর সুবিধায় মেডিকেল সরঞ্জাম এবং যন্ত্রপাতি আমদানিতে এক শতাংশ কর সুবিধা ভোগ করে আসছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে সেটি বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে রোগীদের সেবাগ্রহণের ব্যয় বাড়বে।

বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ খাতে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা প্রাক্কলন বাজেট ধরা হয়েছে। যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৮ হাজার ৫১ কোটি টাকা। এবারের স্বাস্থ্যখাতের বরাদ্দ মোট বাজেটের ৫.২ ভাগ। এ অর্থবছরে মোট বাজেট ধরা হয়েছে ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক