মেডিকেল সরঞ্জাম আমদানিতে ব্যয় বাড়ছে
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম আমদানিতে ব্যয় বাড়ানো হচ্ছে। রেফারেল বা বিশেষায়িত হাসপাতাল শুল্কছাড় সুবিধায় ১ শতাংশ শুল্কে মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির সুযোগ থাকলেও আসন্ন এই বাজেটে ২০০টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হতে পারে। ফলে রোগীদের চিকিৎসা ব্যয় বাড়াতে পারে।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আসন্ন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন হয় এবং পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ডেভেলপারের আনা ব্যবহৃত সামগ্রীতে এক শতাংশ শুল্ক আরোপ এবং অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ বাতিল করা হচ্ছে। ফলে অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনকারী প্রতিষ্ঠানকে শুল্ক ছাড়া অন্যান্য শুল্ক-কর (ভ্যাট, সম্পূরক শুল্ক, রেগুলেটরি শুল্ক) পরিশোধ করতে হবে।
এ সময় ২০২৪-২৫ অর্থবছরে মোট ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা চলতি বাজেটের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। এ বাজেটে স্বাস্থ্যখাতে গত বছরের চেয়ে ৩ হাজার ৩৫৬ কোটি বাড়িয়ে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি। স্বাস্থ্যখাতে এই বরাদ্দ মোট বাজেটের প্রায় ৫ দশমিক ২ শতাংশ।
আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য তা ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। ঘাটতি বাজেট ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। আগামী ৩০ জুন সংসদে আনুষ্ঠানিকভাবে সংসদে এই বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
এনএএন/