ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, মৃত্যু ১০
মেডিভয়েস রিপোর্ট: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারাদেশের ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের। এ ছাড়া প্রায় ৩৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো এক লাখ ১৪ হাজার নয়শ ঘরবাড়ি।
সোমবার (২৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালে খুলনা, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলাসহ উপকূলীয় ১৯ জেলার ১০৭ উপজেলার ৯১৪ ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারের প্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতি হয় নাই।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ছয় কোটি ৮৫ লক্ষ টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি জেলায় তিন কোটি ৮৫ লাখ নগদ টাকা। পাঁচ হাজার পাঁচশত মেট্রিক টন চাল ও পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার। এছাড়া শিশু খাদ্য কেনার জন্য এক কোটি ৫০ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে। এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তের মোবাইল অ্যাকাউন্টে যাবে। এই বরাদ্দ অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।’
প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, ‘ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে নয় হাজার ৪২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে বা স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ৮ লাখ মানুষ আশ্রয় নিয়েছে।’
আগামীকাল মঙ্গলবার (২৮ মে) পর্যন্ত সারাদেশেই বৃষ্টি ও দমকা হাওয়া থাকবে বলেও জানান তিনি। বলেন, ‘এদিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ক্রমান্বয়ে সিলেট দিয়ে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাবে।’
এনএআর/
-
২৭ মে, ২০২৪