রোগীর আধিক্য, দাঁড়িয়েই সেবা দিচ্ছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা
মেডিভয়েস রিপোর্ট: সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীর আধিক্য নতুন নয়। রোগী দেখার ফাঁকে চেয়ারে গা এলিয়ে দেওয়াটা যেন বিলাসিতা চিকিৎসকদের জন্য। কারণ এক রোগী যেতে না যেতেই দেখতে হয় আরেক রোগী। এমনকি হাসপাতালে সেবাপ্রত্যাশী রোগীর সংখ্যা এত বেড়েছে যে দাঁড়িয়েই রোগী দেখতে হচ্ছে চিকিৎসকদের। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন বিভাগের চিত্র এমনটিই।
আজ সোমবার (২০ মে) বঙ্গবন্ধু স্কলার ও সহকারী সার্জন ডা. রাকিবুল আমিন বিজয়ের ফেসবুক পোস্টে দেওয়া দু’টি ছবিতেও দেখা মিলল এমন দৃশ্যের।
ছবিতে দেখা যায়, কক্ষের ভিতরেই এলোমেলো দাঁড়িয়ে আছেন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। বসে আছেন কেউ কেউ। সংখ্যাটা প্রায় ১৪ থেকে ১৫ জন। ছবি দেখেই বোঝা যায়, দৃশ্যের আড়ালেও কয়েকজন রয়েছেন। এসব রোগীর ভীড়ে দাঁড়িয়েই এক্স-রে রিপোর্ট দেখছেন ডা. রাকিবুল আমিন বিজয়। এই ভীড়ের আড়ালে দেখা গেল আরেক চিকিৎসককে। তিনি জুনিয়র কনসালটেন্ট ডা. দেবাশিষ দাস।
ঢামেক হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের এ দৃশ্য যেন হাসপাতালটির সবখানের চিত্র। কেননা সারাদেশ থেকে চিকিৎসা নিতে আসা কোনো রোগীকেই কার্যত ফেরত পাঠান না চিকিৎসকরা। চেষ্টা করেন সাধ্যমতো স্বাস্থ্যসেবা দেওয়ার। ফলে প্রতিদিনই হাজার হাজার রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। তবুও শরীরে অসুখ আর ব্যথা বেদনা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হওয়া মানুষগুলোর নিরাময়ের জন্য হাসিমুখে মানিয়ে নেন সকল প্রতিবন্ধকতাকে।
এসব রোগীর সেবা দিতে গিয়ে বারবার আসন থেকে উঠে দাঁড়াতে হয় চিকিৎসকদের। এই ওঠা-বসার কাজটি যেমন বিরক্তিকর, তেমনি সময়ও ক্ষেপণ করে। এ কারণে দাঁড়িয়েই চিকিৎসাসেবা দেন অনেকে।
ডা. রাকিবুল আমিন বিজয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এটাই আমাদের অফিস। জ্বি, এভাবেই ঢাকা মেডিকেলে আমরা রোগী দেখি। এত রোগী, তাই ওঠা বসার সময় বাঁচাতে আমি এবং আমাদের কন্সালটেন্ট প্রায়ই দাঁড়িয়ে রোগী দেখি। তাপমাত্রা যাই হোক, যত কষ্ট হোক; কাউকে না দেখে, অপারেশন না করে কোনো দিন কাউকে বিমুখ করা হয়নি স্বজ্ঞানে।’
তিনি লিখেছেন, ‘হাততালি চাই না, শুধু চাই আমাদের ঘামে ভেজা শার্ট কিংবা আকাশচুম্বী স্ট্রেস যেন বিফলে না যায়। যারা ছবিতে নেই তাঁদেরও নাভিশ্বাস। আমরা এভাবেই অভ্যস্ত।’
এনএআর/
-
১৭ এপ্রিল, ২০২৬
-
০৯ এপ্রিল, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
-
২২ জানুয়ারী, ২০২৬
-
১৪ ডিসেম্বর, ২০২৫
-
০৩ নভেম্বর, ২০২৫
-
১১ অক্টোবর, ২০২৫