২৯ এপ্রিল, ২০২৪ ১২:০২ পিএম

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ঘুমন্ত শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ঘুমন্ত শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ
মারধরে আহত ফয়সাল আহমেদ ইকরাম শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ফয়সাল আহমেদ ইকরাম নামে এক শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ এপ্রিল সকালে তাঁকে মেডিকেলের ছাত্রাবাসের রুমের মধ্যে নির্যাতন করেছেন সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীরা।

এ ঘটনায় গত ২৫ এপ্রিল সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আশুতোষ সাহাকে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। এতে তিনি জড়িতদের বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

লিখিত অভিযোগে ফয়সাল আহমেদ ইকরাম বলেন, ‘বিনীত নিবেদন এই যে, আমি মো. ফয়সাল এসএন-১২তম ব্যাচ, রোল-০৬, সেশন ২০২২-২৩ অত্র কলেজের একজন নিয়মিত ছাত্র। বিগত ২২ এপ্রিল ২০২৪ তারিখে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলেজ মাঠে বহিরাগতদের অনৈতিক কার্যক্রম দমনের উদ্দেশ্য এসএন-১০ এর ভাইদের সাথে আমরা এসএন-১২ মাঠে উপস্থিত হই। আমি মাঠে উপস্থিত হতে কিছুটা বিলম্ব হওয়ায় এসএন-১০ এর আসাদুজ্জামান ফয়সাল ভাই আমার মা-বাবাকে নিয়ে গালিগালাজ করেন। এই ক্ষেত্রে আমি ভাইকে মা নিয়ে গালিগালাজ করতে নিষেধ করি এবং তৎক্ষণাৎ বিষয়টা ভাই বেয়াদবি হিসেবে নিয়েছেন বুঝতে পেরে তার কাছে ক্ষমা চাই এবং ভাইকে বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করি।’

এতে আরও বলা হয়, ‘পরবর্তীতে ২৩ এপ্রিল ২০২৪ তারিখ সন্ধ্যার দিকে পড়াশোনার উদ্দেশ্যে রাজু ভাইয়ের রুমে যাই। ২৪ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আমার রুমে ফেরত আসি। পরবর্তীতে আমি ঘুমিয়ে পড়লে হঠাৎ আমার উপর ১০-১২ জন মিলে ঘুমন্ত অবস্থায় আমাকে শরীরে আঘাত করতে থাকে এবং আঘাত থেকে মাথা রক্ষা করার জন্য আমি মাথায় হাত দিয়ে রাখি। এই সময় এসএন-১০ এর কয়েকজনকে (ফয়সাল ভাই, স্বনন, তীর্থ, জয়, শাফিন, তাহের, অর্ঘ, আনন্দ ও রাজকুমার) চিনতে পারি। তারা অনেক্ষণ আঘাত করার পর এসএন-১২ আমার কিছু ছেলে ব্যাচমেট রুমে প্রবেশ করে আমাকে দ্বিতীয়বারের মতো আঘাত করতে থাকে। তাদের মধ্যেও আমি কয়েকজনকে (রাফি, সৌরত, নাফিজ, অনিমেষ, তাবিব, অনিক ও শাওন) চিনতে পারি।’

ভুক্তভোগী লিখিত অভিযোগে বলেন, ‘তারা অনেকক্ষণ ধরে আমাকে শারীরিক নির্যাতন করার পর ক্লান্ত হয়ে বেরিয়ে গেলে আমি কোনোরকমে উঠে দাঁড়িয়ে জীবন রক্ষার আশায় ৫মতলায় সিনিয়র ভাইদের কাছে চলে যাই। পরবর্তীতে আমি ঘটনাটি স্যারদের জানানোর উদ্দেশ্যে একাডেমিক ভবনে গেলে হঠাৎ অজ্ঞান হয়ে পরে যাই। আমার বন্ধুরা আমাকে সাথে সাথেই হাসপাতালের জরুরি বিভাগের মাধ্যমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করায়। এমতাবস্থায় আমি এবং আমার পরিবার খুবই আতঙ্কিত ও মেডিকেল কলেজের প্রাঙ্গণে নিজেকে অনিরাপদ মনে করছি। মহোদয়ের সমীপে আমার আকুল আবেদন, আমি বর্বর ও অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার এবং ভবিষ্যতে এই মেডিকেলে নির্ভয়ে পড়াশোনা চালিয়ে নেওয়ার মতো নিরাপদ পরিবেশ কামনা করছি।’

জানতে চাইলে মেডিকেলের অধ্যক্ষ ডা. আশুতোষ সাহা মেডিভয়েসকে বলেন, ‘ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকে কমিটির সদস্যরা তদন্ত করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না।’

এসএইচ/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক