চলন্ত রিকশা থেকে পড়ে চালকের মৃত্যু, ধারণা হিট স্ট্রোক
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল নার্সিং কলেজের পেছনের রাস্তায় চলন্ত রিকশা থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন আব্দুল আউয়াল (৪৫) নামে এক রিকশাচালক। পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হিট স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই চালক রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনের রাস্তায় কাঁপতে কাঁপতে পরে গিয়ে অচেতন হয়ে যান। তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মৃত আউয়াল হবিগঞ্জের লাখাই সিংহগ্রামের আজম আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় থাকেন এবং শনিরআখড়ার গ্যারেজের রিকশা চালাতেন।
চিকিৎসকদের বরাত দিয়ে রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার শাহবাগ থানার এসআই সুমন বসাক। তিনি গণমাধ্যমকে বলেন, আব্দুল আউয়াল ‘হিট স্ট্রোকে’ মারা গেছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার বলেন, এক রিকশাচালককে মৃত অবস্থায় পেয়েছেন। তবে তার মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে কি-না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এএনএম/