২২ এপ্রিল, ২০২৪ ০৪:০০ পিএম

‘মেডিকেলের ক্লাস অনলাইনে, ক্লিনিক্যাল ক্লাস কমবে’

‘মেডিকেলের ক্লাস অনলাইনে, ক্লিনিক্যাল ক্লাস কমবে’
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। (ছবিতে বামে)

মেডিভয়েস রিপোর্ট: চলমান তাপপ্রবাহে দেশের মেডিকেল কলেজগুলো বন্ধ হবে না। এ সময়ে অনলাইনে ক্লাস চলমান থাকবে। আর ওয়ার্ডে ক্লিনিক্যাল ক্লাসের পরিসর সীমিত করা হবে।

ট্রেন দুর্ঘটনায় আহত অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা জানাতে আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘প্রত্যেক মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের যে ছাত্র-ছাত্রী আছে, এই গরমের মধ্যে তারা কীভাবে থাকবে, হোস্টেলে তাদের জন্য কী ব্যবস্থা আছে। এগুলো নিয়ে বিশদ আলোচনা করে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, ক্লাস অনলাইনে করা হবে। প্রচুর রোগীদের ভিড়ে ছাত্ররা ওয়ার্ডে যায়, ওখানে ক্লাস হয়। এটা যতটুকু সম্ভব এড়ানো হবে। এক্ষেত্রে যেসব রুমের এসি আছে, সেখানে রোগীদের ক্লিনিক্যাল ক্লাসগুলো চলবে। এই নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, এই প্রাকৃতিক দুর্যোগ বেশি দিন স্থায়ী হবে না, আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। তারপর আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবো।’

‘মেডিকেলের ক্লাস আমরা বন্ধ করতে বলিনি, কারণ পরীক্ষা আছে। এই সময়ে অনলাইনে তারা ক্লাস করবে। যেগুলো করা সম্ভব। সব ক্লাস বন্ধ করা যাবে না।  আমরা এই সপ্তাহটা দেখি’, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে সকালে দেশের মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

প্রসঙ্গত, প্রচণ্ড দাবদাহে পুড়ছে দেশ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রায় সকল ক্ষেত্রে দেখা দিয়েছে অচলাবস্থা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সশরীরে ক্লাস বন্ধ রয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়েও।

এমনই প্রেক্ষাপটে সাময়িকের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের দাবি জানান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, ইতিমধ্যে তাদের অনেক সহপাঠী জ্বর-ডায়রিয়াসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে গেছেন। ফলে তাদের পক্ষে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই মন্ত্রীর এ রকম ঘোষণা এলো।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত