২১ মার্চ, ২০২৪ ০৭:০৬ পিএম

ভাতা বাড়ানোসহ ৪ দাবি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের

ভাতা বাড়ানোসহ ৪ দাবি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের
আগামী ২৩ মার্চের মধ্যে বকেয়া ভাতা পরিশোধসহ দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচির ইঙ্গিত দিলেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বাড়ানোসহ ৪টি দাবি জানিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর দেড়টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনে উদ্যোগে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা।

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ ৪টি দাবি

১. পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী, ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধিকরা সাপেক্ষে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং  পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে।

২. পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে। 

৩. ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে। 

৪. অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে। 

সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, তাদের মাসিক ভাতা ২০১৬ সালে ১৫ হাজার করা হয়। ২০২৪ সালে এসেও তার কোন বৃদ্ধি হয়নি। দ্রব্যমূল্যের উর্ধগতির এই বাজারে একজন ইন্টার্ন কিভাবে ১৫ হাজার টাকায় সংসার চালাবে- সেটা এখন সবার প্রশ্ন। গত বছর ২০ হাজার উন্নীত করার আশ্বাস দেয়া হলেও সেটার কোন বাস্তবায়ন হয়নি। বর্তমান বাজার মূল্যর সাথে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবি এখন যুক্তিসঙ্গত।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এর অধীনে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা গত ৯ মাস ধরে ভাতাবঞ্চিত। বিগত ২-৩ মাস ধরে দিন তারিখ দেয়ার পরও এখন অবধি টাকা দিতে সমর্থ হননি কর্তৃপক্ষ। সেইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে প্রাইভেট রেসিডেন্ট ও নন রেসিডেন্ট চিকিৎসকদের ভাতাও বকেয়া আছে। বন্ধ ভাতা চালু ও ভাতা বৃদ্ধির দাবিতে বর্তমানে কর্মবিরতি পালন করছেন প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা।

জানা গেছে, বকেয়া ভাতা প্রদান ও ভাতা বৃদ্ধির দাবিতে ১৬ মার্চ থেকে কর্মবিরতি পালন করছেন প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। কর্মবিরতি চলবে আগামী ২৩ মার্চ (শনিবার) পর্যন্ত। আগামী ২৩ মার্চের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধসহ দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি আসতে পারে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নূরুন্নবীসহ ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক