পদোন্নতির ২ সপ্তাহের মাথায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের উপপরিচালকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের উপপরিচালক এবং তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান মারা গেছেন। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ডা. জয়নাল আবেদীন টিটো এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ৮ মাস।
কিশোরগঞ্জের সন্তান ডা. ওয়াহীদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন কে-৪৮ ব্যাচের শিক্ষার্থী।
ডা. ওয়াহীদুজ্জামান ২১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। প্রত্যন্ত হাওরাঞ্চল ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে দায়িত্ব পালনের পর টাঙ্গাইলের সিভিল সার্জন হন তিনি।
গত ৩১ জানুয়ারি তিনি উপপরিচালক পদে পদোন্নতি পান। পদোন্নতির দুই সপ্তাহের কিছু বেশি সময়ের ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
অমায়িক ব্যবহারের অধিকারী এই স্বাস্থ্য প্রশাসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এএনএম/