১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৮ পিএম
উত্তরপত্র ছিঁড়ে ফেলা

হুমাইরা ইসলাম ছোঁয়ার অভিযোগ বিষয়ে তদন্ত মঙ্গলবার

হুমাইরা ইসলাম ছোঁয়ার অভিযোগ বিষয়ে তদন্ত মঙ্গলবার
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ভর্তি পরীক্ষার সময় পর্যবেক্ষকের বিরুদ্ধে উত্তরপত্র (ওএমআর শিট) ছিঁড়ে ফেলার নিয়ে হুমাইরা ইসলাম ছোঁয়ার অভিযোগ বিষয়ে গঠিত কমিটি আগামীকাল ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তদন্তকাজ পরিচালনা করবে।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি মেডিকেল কলেজ) ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

হুমাইরা ইসলাম ছোঁয়ার পিতা মো. মাসুদ রানার রাজধানীর খিলক্ষেতের বাসায় পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে ২০২৩-২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর শিক্ষার্থী হুমাইরা ইসলাম ছোঁয়া এর অভিযোগ তদন্তের জান্য গঠিত তদন্ত কমিটি আগামী ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখ বেলা ১২০০টার সময় এ বিষয়ে তদন্ত কাজ পরিচালনা করবে। অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত তথ্য প্রমাণসহ যথাসময়ে অধ্যক্ষের কার্যালয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, শেরে বাংলা নগর ঢাকা-১২০৭ এ উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো।’

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রণের জন্য চিঠির অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা পরীক্ষা দেন হুমাইরা ইসলাম ছোঁয়া। তার অভিযোগ, পরীক্ষা শুরুর ৪০ মিনিট পর তার পাশের এক শিক্ষার্থী থেকে হলের দায়িত্বরত নারী পর্যবেক্ষক কানে থাকা ডিভাইস জব্দ করেন। এ সময় কানে ডিভাইস রাখা মেয়ের সঙ্গে পাশের দুই শিক্ষার্থী হুমাইরা ইসলাম ও আরেকজনের যোগসাজশের অভিযোগ তুলেন তিনি। পরে তাদের সবার উত্তরপত্র ছিঁড়ে ফেলেন ওই পর্যবেক্ষক।

কিন্তু ডিভাইস জব্দ করা শিক্ষার্থীর সঙ্গে শেষ পর্যন্ত অন্য দুইজনের সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় পরীক্ষা শেষ হবার ৫ মিনিট আগে হুমাইরা ও তার পাশের আরেকজন মেয়েকে নতুন প্রশ্ন ও ওএমআর শিট প্রদান করেন ওই পর্যবেক্ষক।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসা হুমাইরা ইসলামের দাবি, ৪০ মিনিটে তিনি ৭৫টি প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছিলেন, যার মধ্যে ৭০টি উত্তর নিশ্চিত সঠিক ছিল।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত