শিশু আয়ানের মৃত্যু
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: নিবন্ধনসহ জরুরি কাগজপত্র দেখাতে না পারায় রাজধানীর সাঁতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সুন্নতে খৎনার পর শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতালটি পরিদর্শনে যায় অধিদপ্তরের প্রতিনিধি দল। হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে লাইসেন্সসহ জরুরি কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে এ নির্দেশ দেওয়া হয়।
আজ রোববার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, ‘সাম্প্রতিককালে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের (৫+ বছর) মৃত্যুতে তার বাবার অভিযোগের প্রেক্ষিতে অধিদপ্তরের পরিচালকের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) নেতৃত্বে ১০ জানুয়ারি হাসপাতালটি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়।’
এ ছাড়া দপ্তরের অনলাইন ডাটাবেজ পর্যালোচনা এবং পরিদর্শনকালে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় যে, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের নিকট নিবন্ধন/লাইসেন্স প্রাপ্তির জন্য কখনোই অনলাইন আবেদন করেনি। প্রতিষ্ঠানটি কোনো প্রকার আইনানুগ নিবন্ধন অথবা লাইসেন্স ব্যতিরেকে চিকিৎসা সেবা নির্মাণাধীন ভবনে পরিচালনা করে আসছে, যা সরকারের প্রচলিত আইনের পরিপন্থী।
এমতাবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন/লাইসেন্স প্রাপ্ত না হয়ে কার্যক্রম পরিচালনা করায় ‘The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance 1982’ অনুযায়ী ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড সিটি, সাঁতারকুল, বাড্ডা, ঢাকা নামক প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ প্রদান করা হলো।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুপারিশক্রমে এবং মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর মহোদয়ের নির্দেশে এ আদেশ জারি করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, সুন্নতে খৎনা করাতে গত ৩১ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী শিশু আয়ানকে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর জ্ঞান না ফিরলে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার (৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করা হয়।
এরপর আলোচনায় আসে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে লাইসেন্সসহ নানা বিষয়। গত ১১ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান জানান, নিবন্ধন ছাড়াই হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
এএনএম/