০২ ডিসেম্বর, ২০২৩ ০১:১৪ পিএম

বৈকালিক বিশেষায়িত সেবা নিশ্চিতের নির্দেশ বিএসএমএমইউ ভিসির 

বৈকালিক বিশেষায়িত সেবা নিশ্চিতের নির্দেশ বিএসএমএমইউ ভিসির 
ছবি: মো. আরিফ খান।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগে নিরবচ্ছিন্নভাবে বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ শনিবার (২ ডিসেম্বর) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে মাসিক সভার অংশ হিসেবে বিভাগীয় চেয়ারম্যান ও ডিনবৃন্দের সভায় এ নির্দেশ দেন তিনি।

রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কিত তথ্য সুনির্দিষ্টভাবে সংরক্ষণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, বৈকালিক স্পেশালাইজড আউটডোরে যে শিক্ষকের ডিউটি থাকবে তিনি অথবা বিশেষ কারণে তাঁর পরিবর্তে অন্য বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক রোগীদের সেবা দিবেন। রোগীদের স্বার্থে এই বিষয়টি অবশ্যই মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, স্বাভাবিক কার্যক্রম ও উন্নয়ন, অগ্রগতিতে অব্যাহত রাখার স্বার্থে প্রত্যেক বিভাগকে প্রয়োজনীয় কেনাকাটার ক্ষেত্রে বিভাগীয় চেয়ারম্যানদেরকে একটু সাহসিকতার পরিচয় দিতে হবে।

বিএসএমএমইউ ভিসি তাঁর বক্তব্যে গত ১ মাসের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরে বলেন, প্রত্যেক বিভাগের নিজস্ব এ্যালামনাই এ্যাসোশিয়েশন থাকতে হবে।

সভায় অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, চিকিৎসক সেবা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। 

তিনি প্রত্যেক বিভাগকে বিভাগীয় গবেষণা দিবস পালনের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উন্নতমানের গবেষণায় সহায়তা প্রদানের জন্য বিভাগীয় চেরাম্যানদের নির্দেশনা দেন। প্রত্যেক বিভাগকে স্বাস্থ্য ও রোগ এবং চিকিৎসাসেবা সংক্রান্ত জন গুরুত্বপূর্ণ কমপক্ষে ১০টি গবেষণা প্রকাশের নির্দেশ দেন।

এ সময় রিউমাটোলজি বিভাগের ইয়ারবুক ২০২২, মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের এন্টিমাইক্রোবাল সাসসেপটিবিলিটি রিপোর্ট জানুয়ারি ২০২২ থেকে জুন ২০২৩ এর মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ ও দায়িত্ব পাওয়ায় উপস্থিত সকলে করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রিভেনটিভ এন্ড সোশাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিন, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত