পাটগ্রাম স্বাস্থ্য কমেপ্লেক্সের ডা. বাবরের সহযোগিতায় চলন্ত ট্রেনে সন্তান প্রসব
মেডিভয়েস রিপোর্ট: চলন্ত ট্রেনে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মনোয়ারা বেগম (২৬) নামের এক নারী। মঙ্গলবার (২৮ নভেম্বর) লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
ট্রেনটি রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে টাঙ্গাইল রেলস্টেশনে কাছাকাছি পৌঁছালে এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের আনারুল ইসলামের স্ত্রী। তার বাবারবাড়ি লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের শহীদ শাহজাহান কলোনি এলাকায়।
জানা যায়, মঙ্গলবার লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে টাঙ্গাইলের কাছাকাছি যাওয়ার পর অন্তঃসত্তা মনোয়ারা বেগমের প্রসব বেদনা হয়। এরপর ট্রেনের একই বগিতে থাকা অন্যান্য নারী যাত্রী ও পাটগ্রাম উপজেলা মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম বাবরের সহযোগিতায় অন্তঃসত্তা নারী পুত্র সন্তানের জন্ম দেন। পরে ট্রেন থামলে অ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় এক হাসপাতালে পাঠানো হয়।
ডা. জহিরুল ইসলাম বাবর বলেন, ‘আমার কাছে প্রয়োজনীয় অস্ত্র না থাকায় খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপরও চেষ্টা চালিয়ে ধীরে ধীরে ম্যানুয়ালি সবকিছু করতে সক্ষম হই।’
তিনি বলেন, এ রকম ঘটনার সাক্ষী হওয়া অনেক ভাগ্যের ব্যপার। আল্লাহ আমার হাত দিয়ে এই প্রসূতি মায়ের প্রসব সম্পন্ন করিয়েছেন বলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধরনের ছোট ছোট ভালো কাজ নিজের পেশার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এর উত্তম প্রতিদান দান করেন। এভাবে মানুষের বিপদে আমাকে সাহায্যকারী হিসেবে কবুল করেন।
রেলওয়ে পুলিশের পরিদর্শক ফেরদৌস আলী বলেন, বিষয়টি আমি তাৎক্ষণিক পর্যায়ে জেনে দায়িত্বরত এসআই মিন্টুকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেই। সেই বগিতে একজন চিকিৎসক ছিলেন, তাকে আমি অনুরোধ করলে তিনি প্রসব করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন।