রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি ফেইজ-এ মার্চ-২০২৪ কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয় এই পরীক্ষা।
এ বছর তিনটি কেন্দ্রে রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষায় এক হাজার ৫৮৪টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত হাজার ৫৭৯ জন। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন প্রায় ৫০০ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার এক হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী কম।
পাঁচটি অনুষদের মধ্যে মেডিসিন অনুষদে ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল দুই হাজার ৬১৮ জন, সার্জারি অনুষদে ৬৩৯ আসনের বিপরীতে তিন হাজার ৫৩৪ জন, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদে ১৯৬ আসনের বিপরীতে ৩৭৭ জন, ডেন্টাল অনুষদে ৮২ আসনের বিপরীতে ৩৯১ জন এবং শিশু অনুষদে ১৪৭ আসনের বিপরীতে ৬০৯ জন পরীক্ষার্থী ছিলেন।
রেসিডেন্সি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মেডিভয়েসকে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গত তিন বছরে আমার প্রশাসনের অধীনে যত পরীক্ষা হয়েছে, সকল পরীক্ষা আমরা সুষ্ঠভাবে সম্পন্ন করেছি। আজকেও আমি লক্ষ্য করলাম, বুয়েটের সহযোগিতায় প্রতিটি হলে ছাত্ররা সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়াটাই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ, যা আমরা সফলভাবে সম্পন্ন করেছি।’
ভিসি বলেন, আশা করি যারা পরীক্ষায় সফল হবেন, তারা এই দেশের ভবিষ্যৎ বিশেষজ্ঞ চিকিৎসক হবে, শিক্ষক হবে। আমাদের দেশে শিক্ষক স্বল্পতা আছে। মেডিকেল কলেজে ৪৫ শতাংশ শিক্ষক সংকট।
তিনি আরও বলেন, এবার সাত হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী ছিল। কিন্তু কোনো কারণে ৫০০ জন বা তার কমবেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। আজকে আমরা পরীক্ষার ফলাফলও দিয়ে দিতে চাই।
টিআই/এএনএম