গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত: ইউনিসেফ
মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় প্রতিদিন ৪২০ জনের বেশি শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া এক বক্তব্যে এমন ভয়াবহ তথ্য দিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। খবর আল জাজিরার।
ক্যাথরিন রাসেল বলেন, ‘গাজায় প্রতিদিন ৪২০ জনের বেশি শিশু নিহত বা আহত হচ্ছে। এতো বেশি শিশু হতাহত হচ্ছে যে তা আমাদের প্রত্যেককে নাড়া দেবে।’
জাতিসংঘের ত্রাণসহায়তাবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএরের প্রধান ফিলিপ লাজারিনি নিরাপত্তা পরিষদকে বলেছেন, গাজায় নিহতদের প্রায় ৭০ শতাংশই শিশু ও নারী।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। হামলায় বাদ যাচ্ছে না মসজিদ ও হাসপাতালসহ কোনো প্রতিষ্ঠানই।
গত ১১ অক্টোবর গাজা ভূখন্ডের কেন্দ্রস্থলে অবস্থিত আল আহলি আরব বা ব্যাপটিস্ট হাসপাতালে বিমান হামলা হয়েছে। যে হামলায় শিশু নারীসহ পাঁচশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চলমান ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত আট জন ফিলিস্তিনি চিকিৎসকসহ ৬৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
টানা বোমা হামলার মধ্যেই গত ২৮ অক্টোবর সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
মাত্র তিন সপ্তাহের ইসরায়েলি হামলায় গাজায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে। ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সংঘাতে মোট যত শিশু নিহত হয়েছে তার চেয়ে গত তিন সপ্তাহে গাজায় বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জতিক শিশুবিষয়ক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত তিন হাজার ৩২৪ শিশু নিহত হয়েছে। আর অধিকৃত পশ্চিম তীরে ৩৬ শিশু মারা গেছে।
অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বের ২৪টি দেশে সংঘাতে মোট ২ হাজার ৯৮৫ শিশু, ২০২১ সালে ২ হাজার ৫১৫ এবং ২০২০ সালে ২২টি দেশে ২ হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’