রাজশাহীতে চিকিৎসক খুন
মেডিভয়েস রিপোর্ট: কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন জনপ্রিয় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদ। রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে রাজশাহী মহানগরীর বর্ণালী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক আজ সোমবার (৩০ অক্টোবর) সকালে মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ড নিয়ে কাজ করছি। আমরা এখন মেডিকেল কলেজেই আছি।’
হত্যাকাণ্ডে কারা জড়িত থাকতে পারে এ ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি তদন্তাধীন। তদন্তের স্বার্থে বেশি কিছু বলতে পারছি না। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
চিকিৎসদের একাধিক সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগীদের চিকিৎসা দিতেন ডা. আলী আহমেদ। প্রতিদিনের মতো রোববার রাতে রোগী দেখে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বর্ণালীর মোড়ের খানিকটা আগে রাজীব চত্বরের বিপরীত পাশে মসজিদের নিকট তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় অতর্কিতে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
পরে গুরুতর আহত অবস্থায় রাস্তা থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। শুরুতে সাধারণ ওয়ার্ডে (৫ নম্বর) ভর্তি করা হলেও পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যে ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান ডা. কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন রামেকের ৪২তম ব্যাচের শিক্ষার্থী।
পরবর্তীতে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে ডার্মাটোলজিতে এফসিপিএস সম্পন্ন করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ডিডিভি করেন। তিনি অল্প সময়ে কসমেটিক সার্জারিতে অভিজ্ঞতা অর্জন করেছিলেন।
অনাকাঙিক্ষত এ চির বিদায়ের সময় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ডা. কাজেম আলী আহমেদ।
আজ বাদ জোহর রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণ প্রথম এবং বাদ আসর উপশহর কড়ইতলা জামে মসজিদের সামনে তাঁর জানাজা হবে। মহিষ বাথান গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
রাজশাহীতে প্রাইভেট প্রাকটিস বন্ধ
ডা. কাজেম আহমেদকে খুনের প্রতিবাদে আজ রাজশাহীতে বৈকালিক প্রাইভেট চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী শাখা। তবে গুরুতর রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থাপনায় চালু থাকবে জরুরি সেবা।
আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রামেক হাসপাতালে এক জরুরি মিটিংয়ে এ কথা ঘোষণা দেন রাজশাহী বিএমএর সভাপতি অধ্যাপক ডা. এবি সিদ্দিকী।
একই সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে ৭২ ঘণ্টার সময় বেধে দেয় স্থানীয় বিএমএ। এর মধ্য খুনিদের গ্রেপ্তার করা না হলে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংগঠনটি।
ডা. কাজেম আহমেদের নিহতের ঘটনায় মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
এএনএম/
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬