স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক খন্দকার মো. সিফায়েত উল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাবেক মহাপরিচালকের মৃত্যুতে গভীর শোক জানিয়ে ওই পোস্টে বলা হয়, ‘আজ রোববার আনুমানিক দুপুর ১২টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী ছাত্র ও চিকিৎসক সহকর্মীদের রেখে গিয়েছেন।’
এতে আরও বলা হয়, ‘অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ শোকাভিভূত। আমরা স্বাস্থ্য অধিদপ্তর পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
সাবেক এ স্বাস্থ্য প্রশাসকের মৃত্যুতে শোক জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
তিনি বলেন, ‘অধ্যাপক ডা. সিফায়েত উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। মেডিকেল শিক্ষকদের পদোন্নতির জন্য বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) ও সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) বাস্তবায়নে অন্যতম ভূমিকা রেখেছিলেন তিনি। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।’
অধ্যাপক সিফায়েত উল্লাহর জানাজা আগামীকাল (৩০ অক্টোবর) বাদ আছর হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সর্বজন শ্রদ্ধেয় এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
এসএস/এএনএম
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬