বিএসএমএমইউতে রক্তের এক নমুনা দিয়ে ৫০ জটিল রোগ নির্ণয়
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো রক্তের এক নমুনা দিয়েই জটিল ৫০টি রোগের পরীক্ষা করা যাবে। এ পরীক্ষার জন্য বিএসএমএমইউতে ইনফ্লামেটোরি বায়োমার্কার কর্নারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে এই কর্নারের উদ্বোধন করেন বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে জানানো হয়েছে, ইনফ্লামেটোরি বায়োমার্কার কর্নার স্থাপনের ফলে মাত্র পাঁচ এমএল রক্তের নমুনা ব্যবহার করে এক সঙ্গে ৫০টি জটিল রোগের পরীক্ষার ফল পাওয়া যাবে। বাংলাদেশে প্রথমবারের মতো এ পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো।
ইনফ্লামেটোরি বায়োমার্কার কর্নারের মধ্যে রয়েছে থ্রম্বোসিস প্যানেল, রিউম্যাটোলোজি প্যানেল, ভাস্কুলিটিস প্যানেল ও গ্যাস্ট্রোএন্টারোলজি প্যানেল। এর মাধ্যমে অনেক জটিল ও বিরল রোগ শনাক্তকরণ আরও অনেক সহজ হবে এবং হাজার হাজার রোগী উপকৃত হবেন।
অনুষ্ঠানে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নতুন কিছু করতে পারলেই আমরা আনন্দ পাই। নতুন কোনো কিছু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংযোজন করা মানেই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মহলে সুপরিচিত করা। বায়োকেমেস্ট্রি বিভাগ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনলাইন রিপোর্ট প্রদান করে। এতে করে অনেক রোগীর অর্থ সাশ্রয়ের পাশাপাশি কষ্ট লাঘব হয়েছে। আজ উদ্বোধিত প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরেক ধাপ উন্নীত করা হলো।’
অনুষ্ঠানে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, অধ্যাপক ডা. ফরাদুল হক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম।
এএইচ/এমইউ
-
২৩ জুন, ২০২৪
-
২৮ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ জানুয়ারী, ২০২৩
-
১৫ জানুয়ারী, ২০২৩
-
০৮ অগাস্ট, ২০২২
-
১৭ এপ্রিল, ২০২২
-
১৯ এপ্রিল, ২০২১