১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৩৪ পিএম

সরাসরি নিয়োগ দাবিতে বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

সরাসরি নিয়োগ দাবিতে বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন
গত ২০ বছর ধরে নিয়োগ বঞ্চিত হওয়ার কথা জানিয়ে তারা বলেন, অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করে চলমান নিয়োগে আবেদনের সুযোগ দিতে হবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজস্বখাতে নিয়োগে আবেদনের সুযোগ প্রদানসহ দুই দফা দাবিতে মানববন্ধন করেছে বিএসসি মেডিকেল টেকনোলজিস্টরা। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 

গত ২০ বছর ধরে নিয়োগ বঞ্চিত হওয়ার কথা জানিয়ে তারা বলেন, অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করে চলমান নিয়োগে আবেদনের সুযোগ দিতে হবে।

নিজেদের দাবির পক্ষে যৌক্তিকতা তুলে ধরে বাংলাদেশ স্নাতক মেডিকেল টেকনোলজিস্ট সমিতির আহ্বায়ক মোসাম্মৎ তাহেরা আক্তার বলেন, বাংলাদেশে ২০০৩ সাল থেকে তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (ঢাবি, রাবি, চবি) চিকিৎসা অনুষদের অধীনে সরকারি ও বেসরকারি পর্যায়ে ১৩টি প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিতে বিএসসি কোর্স শুরু করা হয়। আবেদনের যোগ্যতা হিসেবে চাওয়া হয় মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি অথবা বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।

তারা বলেন, ‘এখানে উপস্থিত সকল টেকনোলজিস্ট বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল টেকনোলজিতে বিএসসি কোর্স সম্পন্ন করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় হলো, স্নাতক ডিগ্রি কোর্স শুরু হওয়ার ২০ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ সালে এখন পর্যন্ত বিএসসি ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং বিএসসি রেডিওগ্রাফারদের সরাসরি নিয়োগে সংযুক্ত করা হয়নি। স্বাস্থ্যখাতে ২০২৩ সালের বাস্তবায়িত নিয়োগেও বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের অন্তর্ভুক্ত করা হয়নি।’

নিয়োগ পেতে আবেদনের ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরে তারা বলেন, ‘নিয়োগ বিধিমালায় শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রি ও পদোন্নতি উল্লেখ থাকায় স্বাস্থ্য অধিদপ্তর, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট, স্পেশাল রেডিওগ্রাফার ও মেডিকেল টেকনোলজিস্ট এবং বিভিন্ন হেলথ টেকনোলজি ইনস্টিটিউটের লেকচারার পদের নিয়োগেও আমরা বিএসসি টেকনোলজিস্টরা সরাসরি অন্তর্ভুক্ত নই।’

দীর্ঘ দিন ধরে নিয়োগ বঞ্চিত হওয়ায় দুর্বিসহ জীবন যাপনের কথা তুলে ধরেন বিএসসি মেডিকেল টেকনোলজিস্টরা। বলেন, ‘নিয়োগবিধির কারণে উচ্চতর ডিগ্রি থাকা সত্ত্বেও আজ আমরা কয়েক হাজার বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ থেকে বঞ্চিত এবং বেকার ও মানবেতর জীবন যাপন করছি।’

এমতাবস্থায় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও পরিচালক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে নিয়োগ বিধিতে বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের (ল্যাবরেটরি মেডিসিন এবং রেডিওলোজি এন্ড ইমেজিং) অন্তর্ভুক্ত করে চলমান নিয়োগে আবেদনের সুযোগ দেওয়ার জোর দাবি জানান তারা। একই সাথে যাদের বয়স শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

এ সময় সেবায় যুক্ত হওয়ার সুযোগ প্রদানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ‘সমগ্র জাতির কাছে একটাই প্রশ্ন, বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট কেন আজ রাজপথে? রোগ নির্ণেয় যারা প্রথম সারির সৈনিক, যাদেরকে ছাড়া আধুনিক চিকিৎসা কখনো কল্পনাই করা যায় না, যাদের থাকার কথা অত্যাধুনিক ল্যাবে, তারা আজ কেন রাজপথে আন্দোলন করছেন?’ 

এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল টেকনোলজিস্ট
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক