১৫ জুলাই, ২০২৩ ১২:৫১ পিএম

কাল বিএসএমএমইউতে পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীদের অবস্থান

কাল বিএসএমএমইউতে পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীদের অবস্থান

মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে আগামীকাল রোববার (১৬ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় অবস্থান কর্মসূচি পালন করবেন বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। 

আজ শনিবার (১৫ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা করেন তারা। 

এর আগে কর্মবিরতির অংশ হিসেবে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) বাগান গেটে সমবেত হন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সেখানে মানববন্ধন শেষে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান তারা।

সেখানে তাদের দাবি-দাওয়া নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

এদিকে ঢাকার বাইরের মেডিকেল কলেজে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি পালন করছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল রোববার (১৬ জুলাই) শাহবাগে বিএসএমএমইউ বটতলাতে সমবেত হয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবেন তারা।

গত ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানায়, ১২ জুনের মধ্যে ভাতা বৃদ্ধির দাবি মানা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে।

এর পর দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

কিন্তু শেষ পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় গত ৮ জুলাই সকাল ১০ট থেকে রাজধানীর শহীদ মিনার এলাকায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

এর অংশ হিসেবে পর দিন ৯ জুলাই একই স্থানে তারা শুরু করেন গণঅনশন।

পর দিন দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারা। আগে থেকে সময় নির্ধারিত না হওয়ায় সে দিন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

তবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর মধ্যস্ততায় ১০ জুলাই শাহবাগের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেন তাঁরা। এর পর থেকে গত ১৩ জুলাই পর্যন্ত মাঠের কর্মসূচি স্থগিত থাকলেও কর্মবিরতি অব্যাহত ছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
  এই বিভাগের সর্বাধিক পঠিত