১২ জুলাই, ২০২৩ ০৯:৫০ এএম

জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে বছরে ১২ হাজার নারীর মৃত্যু: শিক্ষামন্ত্রী

জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে বছরে ১২ হাজার নারীর মৃত্যু: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে মৃত্যু একটি বড় বিপর্যয়। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর দায় আমরা এড়াতে পারি না।'

মেডিভয়েস রিপোর্ট: বছরে জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সারে কমপক্ষে ১২ হাজার নারী মারা যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে মৃত্যু একটি বড় বিপর্যয়। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর দায় আমরা এড়াতে পারি না। কারণ একটু সচেতন হলে, দায়িত্বশীল ভূমিকা রাখলে এবং প্রয়োজনীয় তথ্যটি সঠিক জায়গায় পৌঁছাতে পারলে এই মৃত্যু এড়ানো যায়।’

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 

তিনি বলেন, ‘জরায়ু ক্যান্সার প্রতিরোধ যোগ্য এবং এর জন্য ভ্যাক্সিনও রয়েছে। আবার যথাযথ স্ক্রিনিংসহ আরলি ডায়াগনোসিসের মাধ্যমে আগেভাগে স্তন ক্যান্সার নির্ণয় করতে পারলে এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। এর সমাধান আমাদের নিজেদের কাছেই রয়েছে। নিজে নিজেও স্তন পরীক্ষা করা সম্ভব। রয়েছে বিনামূল্যে ভায়া টেস্ট ও সিবিই টেস্টের সুবিধা। তারপরও এই মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। মায়েদের সুস্বাস্থ্যসহ জীবন রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’ 

ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির উদ্যোগে চিকিৎসক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আয়োজিত এই কর্মশালায় ডা. দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা খাতে বড় ধরণের উন্নতি হয়েছে, শিক্ষায় রূপান্তর ঘটেছে, যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, নারীর ক্ষমতায়নসহ সবক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ। এখন একেবারে সাধারণ মানুষও স্বপ্ন দেখতে জানেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। এমনভাবে এগিয়ে যাওয়া বাংলাদেশে প্রয়োজনীয় তথ্যের অভাবে, দায়িত্বশীল ভূমিকা পালনের অভাবে, একটু সচেতনতার অভাবে স্তন ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সারে মৃত্যু কাম্য হতে পারে না। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহায়তা করা হবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে কাজে লাগানো, পাঠ্যপুস্তকে প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করাসহ ডিজিটাল কনটেন্ট তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত