হাতে-কলমে প্রশিক্ষণের জন্য চীনে ৫ শিশু রোগ বিশেষজ্ঞ
মেডিভয়েস রিপোর্ট: হাতে-কলমে প্রশিক্ষণের জন্য চীন গেছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৫ জন শিশু রোগ বিশেষজ্ঞ। গত ১০ জুলাই চীন পৌঁছান তারা।
চীনা সরকারের আমন্ত্রণ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দুই সপ্তাহব্যাপী এ আয়োজনে ‘বাংলাদেশে সংকটাপন্ন শিশুদের পরিচর্যা’ বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণচলাকালীন বিশেষত শিশুদের নিবিড় পরিচর্যা (পিআইসিইউ), স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট (এসসিএনইউ) ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করার সুযোগ পাবেন তাঁরা।
তারা হলেন, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আহমেদুর রহমান, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিফাত জাহান, রাজধানীর মুগদা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদী নাসরীন সুলতানা, রাজধানীর মাতুয়াইল শিশু ও মা ইনস্টিটিউটের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, রাজধানীর মোহাম্মদপুরের ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেইনিং সেন্টারের (এমএফএসএটিসি) শিশু বিভাগের মেডিকেল অফিসার ডা. সবিতা রানী দাস।
গতকাল ১১ জুলাই থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ফিরে এসে তাঁরা সংকটাপন্ন শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দেশ-বিদেশে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এমইউ/