ডিএনসিসির কোভিড হাসপাতালকে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গু রোগী বাড়লেও এখনও তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। প্রয়োজন হলে মহাখালী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালে এখনো সিট খালি রয়েছে। অর্থাৎ রোগী বাড়লে এখনও তা নিয়ন্ত্রণে রয়েছে। আমরা অন্যান্য হাসপাতালে পাশাপাশি মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালেও রোগী ভর্তি করেছি। প্রয়োজনে ওই হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করে দেওয়া হবে।’
তিনি বলেন, আমাদের সকল হাসপাতাল ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছি। ঢাকার সকল মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক রোগী রয়েছে। কারণ ওই অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। আমরা ওই হাসপাতাল থেকে রোগী অন্যান্য হাসপাতালে নেওয়ার কথা ভাবছি। কেননা এত বেশি রোগী হলে চিকিৎসা দেওয়া কঠিন।