গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোগী নিয়ে একটি অ্যাম্বুল্যান্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।