নিয়োগ বাণিজ্য
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মেডিভয়েস রিপোর্ট: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর (ভিসি) মো. মোর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নাঈমুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ রোববার (২৫ জুন) দুদক সিলেটের সহকারী পরিচালক আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কিউ এম নাছির উদ্দীন এ নিষেধাজ্ঞা জারি করেন।
মো. মোর্শেদ আহমদ চৌধুরী ও মো. নাঈমুল হকের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে আদালত।
দুদকের মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী মর্জুজা কিবরিয়া জানান, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্ত করছে দুদক। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই অবস্থায় তারা দু’জনে দেশত্যাগের চেষ্টা করছে। ফলে দুদকের পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন।’
২০১৮ সালে চিকিৎসাশাস্ত্রে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টিতে দেশের চতুর্থ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেলে নগরীর চৌহাট্টায় সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন স্থানে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরীকে প্রথম ভিসি নিয়োগ দেওয় হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক (অর্থ) নাঈমুল হক।
এসএস