গত ১৪ বছরে ৪৫ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে গত ১৪ বছরে ৪৫টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কলাণ মন্ত্রী জাহিদ মালেক।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ২০০৯ থেকে চলতি ২০২৩ সাল পর্যন্ত এসব ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়।
বুধবার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানগুলোর উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল/বাতিল, উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিতাদেশ দিয়ে থাকে। সময়ে সময়ে ঔষধ প্রশাসন গৃহীত সব ব্যবস্থাদি জাতীয় দৈনিকে বিস্তারিত বিজ্ঞাপন আকারে প্রচার/প্রকাশ করা হয়।
দিদারুল আলমের আরেকটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে শনাক্তকৃত এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন। এর মধ্যে ৬ হাজার ৭৫ জন চিকিৎসাধীন ও মারা গেছেন এক হাজার ৮২০ জন।
বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে অ্যালোপ্যাথিক, হারবাল, ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক জাতীয় ওষুধ তৈরির ৯০২টি কারখানা আছে। এরমধ্যে অ্যালোপ্যাথিক জাতীয় ওষুধের কারখানা ৩০১টি।