গত বছর থেকে এবার ডেঙ্গু রোগী ৫ গুণ বেশি
মেডিভয়েস রিপোর্ট: গত বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগী ৫ গুণ বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালগুলোকে প্রস্তুতি রাখতে বলা হয়েছে। চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। হাসপাতালে করোনা এবং ডেঙ্গুর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এরই মধ্যে আড়াই হাজার চিকিৎসক-নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৭০৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। আর মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সবাইকে সচেতন থাকতে হবে।
ডেঙ্গু সচেতনতায় শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং সেনাবাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, প্রচার-প্রচারণার জন্য ব্যানার-পোস্টার তৈরি করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সভা করা হয়েছে। যদি কোনো জরুরি ব্যবস্থা নিতে হয়, সে জন্য প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন। চিকিৎসা নিলে ভালো হয়ে যাচ্ছে। চিকিৎসার জন্য একটি গাইডলাইন তৈরি করা হয়েছে।
করোনা টিকার বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে ফাইজার। এসব টিকা নির্দিষ্টসংখ্যক মানুষকে বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে। ৬০ বছরের বেশি বয়সী মানুষকে চতুর্থ এবং ১৮ বছরের বেশি বয়সীদের তৃতীয় ডোজ হিসেবে এসব টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।