২৪ মে, ২০২৩ ০৯:৫১ এএম

ডায়াবেটিস পরীক্ষার আওতায় আসছে ১০ শহরের বাসিন্দা

ডায়াবেটিস পরীক্ষার আওতায় আসছে ১০ শহরের বাসিন্দা
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ১০টি শহরের ১০ লাখ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় শুরু করতে যাচ্ছি।

মেডিভয়েস রিপোর্ট: কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস প্রকল্পের আওতায় আগস্ট মাস থেকে দেশের ১০ শহরের ১০ লাখ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।

মঙ্গলবার (২৩ মে) বারডেম হাসপাতালের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ প্রকল্পের পরিচালক ডা. বিশ্ববিজৎ ভৌমিক।

স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ ও জাইকার যৌথ উদ্যোগে আগামী দুই বছরে দেশের ১০ লাখ ডায়াবেটিস রোগী পরীক্ষা-নিরীক্ষার আওতায় আসবে। এই লক্ষ্যে তৈরি করা হয়েছে একটি মোবাইল অ্যাপ।

তিনি বলেন, দেশের ৪৩ শতাংশ ডায়াবেটিস রোগী জানেন না তারা ডায়াবেটিসে ভুগছেন। ডায়াবেটিসের কারণে হার্ট বা কিডনির পরিস্থিতি খারাপ হওয়ার পর এ রোগ শনাক্ত হয়। এমন পরিস্থিতিতে মানুষকে স্ত্রিনিং ও ডায়াবেটিস বিষয়ে সচেতন করতে শুরু হচ্ছে ‘কান্ট্রি চেঞ্জিং ডায়বেটিস’ প্রকল্প।

ডা. বিশ্ববিজৎ ভৌমিক বলেন, এই প্রকল্পের আওতায় আগামী আগস্ট মাস থেকে দেশের আটটি বিভাগীয় শহর এবং গোপালগঞ্জ ও কক্সবাজার শহরে ডায়াবেটিস নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ দিতে যাবে একটি করে গাড়ি।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ১০টি শহরের ১০ লাখ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় শুরু করতে যাচ্ছি। ‘মোবাইল ডায়াবেটিস সেন্টার’ নামের গাড়িতে ডায়াবেটিস ছাড়াও চোখ, দাঁত, আল্ট্রাসনোগ্রাম, লিপিড প্রোফাইলসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হবে। এ সময় যাদের ডায়াবেটিস শনাক্ত হবে চিকিৎসার জন্য তাদের স্থানীয় মেডিকেল কলেজ, ডায়াবেটিস সমিতি বা কাছের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে।

এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ডায়াবেটিসের কারণে স্ট্রোকের ঝুঁকি ৬ গুণ, হার্ট অ্যাটাকের ঝুঁকি ২-৩ গুণ, অন্ধত্বের ঝুঁকি ২৫ গুণ, কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি ৫ গুণ ও পা কেটে ফেলার ঝুঁকি ২০ গুণ বেড়ে যায়। শুরুতে ডায়বেটিস শনাক্ত হলে ও তা নিয়ন্ত্রণে থাকলে অকাল মৃত্যু ঠেকানো সম্ভব। তবে মানুষ স্বাস্থ্যকেন্দ্রে যেতে চায় না। এ প্রকল্পের আওতায় আমরা মানুষের কাছে যাবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। তিনি বলেন, ডায়াবেটিস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এই রোগ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই।

পরিমিত খাবারের ওপর গুরুত্বারোপ করে এ কে আজাদ খান বলেন, আমরা মাছে-ভাতে বাঙালি হিসেবে ভাতটাই বেশি খাই। সাথে মাছ, মাংস, ডালসহ বিভিন্ন ধরনের খাবার একসাথে খাই। ভাত বিষ নয়, এটা মজাদার খাবার। সমস্যা হলো খাবারের কালচার নিয়ে। বিশ্বের মধ্যে আমরা এমন এক জাতি, যারা ভাতের সাথে মিলিয়ে অন্যান্য সবজি, তরকারিও খাই। কিন্তু উন্নত বিশ্বে আলাদা। যেহেতু সব মিলিয়ে খাই, সেহেতু পরিমিত খেতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস প্রকল্পের আওতায় ‘ডিআরসি’ (ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর) নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটি রক্ত পরীক্ষা ছাড়াই বলে দেবে কোনো ব্যক্তি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন কি না। নিবন্ধনকারীর ওজন কত হওয়া উচিত এবং সেই অনুপাতে তাকে দিনে কত ক্যালরি খাবার খেতে হবে তাও বলা আছে অ্যাপে। অ্যাপে বিনা মূল্যে নিবন্ধনকারীর উপযোগী ডায়েট চার্ট দেওয়া আছে। এই অ্যাপের মাধ্যমে কী পরিমাণ মানুষ ডায়াবেটিসের ঝুঁকিতে আছে, কতজন আক্রান্ত, কতজন চিকিৎসা পাচ্ছেন, কত সংখ্যকের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে, কত সংখ্যকের অন্য জটিলতা দেখা দিয়েছে, সে সম্পর্কে তথ্য থাকবে। ফলে অ্যাপটি ডায়াবেটিস নজরদারির পদ্ধতি তৈরিতেও সহায়তা করবে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক