ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের যত প্রস্তুতি
মেডিভয়েস রিপোর্ট: ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সকল স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সাথে অনলাইনে জরুরি সভা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম।
শুক্রবার (১২ মে ) রাত ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের পরিচালকদের কাছে দুযোর্গ প্রস্তুতি ও মোকাবিলায় কোনো চাহিদা আছে কিনা, জানতে চান ডিজি। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের প্রস্তুতি ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরকে আশ্বস্ত করেন।
যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে:
১. পর্যাপ্ত মেডিকেল টিম গঠন।
২. জরুরি বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগ।
৩. মেডিকেল কলেজ হাসপাতালে একটি করে আলাদা ওয়ার্ড নির্ধারণ।
৪. অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা।
৫. জরুরি প্রয়োজন ব্যতীত সকল প্রকার ছুটি বাতিল।
৬. অপারেশন থিয়েটারগুলো ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা।
৭. পর্যাপ্ত জরুরি ওষুধ সংরক্ষণ।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। যেমন-সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু রাখা, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, মোবাইল যোগাযোগ নিরবিচ্ছন্ন রাখা, প্রয়োজনীয় ওষুধের বাফার স্টক প্রস্তুত রাখা।
তিনি অধিদপ্তরের কর্মকর্তাগণকে উপকূলীয় হাসপাতালগুলোর যেকোনো চাহিদা তাৎক্ষণিভাবে পুরণের নির্দেশ প্রদান করেন। একই সাথে স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা ও নিরাপদ আশ্রয়ের ব্যাবস্থাও নিশ্চিত করার নির্দেশ দেন।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অধিদপ্তরের কর্মকর্তারা দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিত রাখার জন্য কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে সভায় জানানো হয়।
এএইচ
-
১৫ মে, ২০২৩
-
১১ মে, ২০২৩