আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
মেডিভয়েস ডেস্ক: আজ রোববারও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। আজ সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৬ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান তৃতীয়। গতকাল শনিবারও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর ছিল।
আজ সকাল সাড়ে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) তালিকার শীর্ষে ভারতের রাজধানী দিল্লি, স্কোর ২৪৪। এর পরেই পাকিস্তানের শহর লাহোর ২৩৫ স্কোর নিয়ে দ্বিতীয়। ভারতের মুম্বাইয়ের অবস্থান চতুর্থ, স্কোর ১৮০। এর পর আছে চীনের উহান, স্কোর ১৭৪। নেপালের কাঠমান্ডু, স্কোর ১৬৭।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।