২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০১ পিএম

মেডিকেল ভর্তি যুদ্ধ: প্রতি আসনে লড়বে ৩২ জন

মেডিকেল ভর্তি যুদ্ধ: প্রতি আসনে লড়বে ৩২ জন
এবার মেডিকেল কলেজের ভর্তির আবেদন পড়েছে এক লাখ ৩৯ হাজার ২৭২টি।

মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আবেদন পড়েছে এক লাখ ৩৯ হাজার ২৭২টি। সে হিসেবে আসনপ্রতি প্রায় ৩২ জনের মধ্যে প্রতিযোগিতা হবে। তবে যেহেতু টাকা জমা দেওয়ার সময় এখনও বাকি আছে, তাই হয়তো দুই চারটা বাড়তে পারে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল মেডিভয়েসকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘এবার এক লাখ ৩৯ হাজার ২৭২টি আবেদন পড়েছে। যেহেতু টাকা জমা দেওয়ার এখনও সময় বাকি আছে, তাই হয়তো দুই চারটা বাড়তে পারে। এবার আবেদনের সংখ্যা গতবারের খুব কাছাকাছি।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, দেশের সরকারি মেডিকেল কলেজগুলো মোট আসন রয়েছে চার হাজার ৩৫০টি। সে হিসেবে প্রায় ৩২ জন আসনপ্রতি লড়বে। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ছয় হাজার ১৬৮টি। সব মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে নামবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আসনপ্রতি প্রায় ১৬ জন পরীক্ষায় বসবেন।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)। প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। ৭ মার্চ পর্যন্ত প্রবেশপত্র পাওয়া যাবে। ১০ মার্চ সকাল ১০টায় দেশের ১৯টি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন নিয়ম অনুযায়ী, বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে পাস নম্বর ৪০ পেলেই হবে না, মেধাক্রম থাকতে হবে ৩০ হাজারের মধ্যে। তুলনামূলক যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের স্থান দিতে এই নিয়ম করা হয়েছে। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি হতে ১৯ লাখ ৪৪ হাজার টাকা গুনতে হবে। ইন্টার্নশিপ বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা (অপরিবর্তিত) ও টিউশন ফি বাবদ মাসে ১০ হাজার টাকা খরচ হবে।

গত বছর এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে ৩৩ জন পরীক্ষার্থী ছিল।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত