১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:০১ পিএম

চমেকে নির্যাতনের শিকার দুই শিক্ষার্থীকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

চমেকে নির্যাতনের শিকার দুই শিক্ষার্থীকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা বাকি কাজ শুরু করব।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) নির্যাতনের শিকার চার শিক্ষার্থীর মধ্যে দুই জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ছাত্র কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাকি দুইজন নিজ বাড়িতে ভালো আছেন বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিএমইউ) ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) মেডিভয়েসকে এ তথ্য জানান তিনি। 

অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সাকিব হোসেন ও জাহিদ হোসেনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আশা করি শিগগিরই তারা হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

মঙ্গলবার দুপুরে এ বিষয় একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের বিষয় তিনি বলেন, ‘এই ঘটনায় তদন্ত কমিটি আগেই কাজ শুরু করেছিল। কিন্তু দুই শিক্ষার্থীর অভিভাবক নির্যাতনের ঘটনা উল্লেখ করে আমাদের চিঠি দিয়েছে। আগের বিবৃতি আর এই চিঠির ভাষ্য মিল নেই। তাই আমাদের তদন্ত কমিটির আবার নতুন করে কাজ শুরু করতে হচ্ছে।’

তিনি বলেন, তদন্ত কমিটি আজ বুধবার থেকে সাতদিন সময় চেয়েছে। তাদেরকে সাতদিন সময় দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আমরা বাকি কাজ শুরু করব।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি মধ্য রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) চার শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে নিয়ে দুই ঘণ্টা ধরে নির্যাতনের অভিযোগ উঠে ছাত্রলীগের বহিষ্কৃত কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। চমেকের প্রধান ছাত্রবাসের বিভিন্ন কক্ষে এ ঘটনা ঘটে।

নির্যাতিত শিক্ষার্থীরা হলেন, চমেকের ৬২তম ব্যাচের এম এ রায়হান, মোবাশ্বির হোসেন শুভ্র, জাহিদ হোসাইন ওয়াকিল এবং সাকিব হোসেন। 

মারধরের শিকার এম এ রায়হান মেডিভয়েসকে বলেন ‘আমাকে ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। মারার কারণ জানতে চাইলে তারা অকথ্য ভাষায় গালি দিতে থাকে এবং পিটাতে থাকে।'

এ বিষয়ে চমেকের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগ নেতা অভিজিৎ দাশ, রিয়াজুল জয়, জাকির হোসেন সায়াল, মাহিন আহমেদ, ইব্রাহিম সাকিব, শামীম, ইমতিয়াজ, হাবিব, সৌরভ দেবনাথ ও চমনের নেতৃত্বে এ নির্যাতনের ঘটনা ঘটে। তারা সবাই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী ছাত্রলীগ গ্রুপের নেতা-কর্মী। হামলাকারীদের মধ্যে অভিজিৎ দাশ, রিয়াজুল জয়, জাকির হোসেন সায়াল, মাহিন আহমেদ ও ইব্রাহিম সাকিব মারামারিতে জড়িয়ে কলেজ থেকে বহিষ্কার হয়েছেন। 

অভিযোগের বিষয়ে অভিজিৎ দাশ সাংবাদিকদের বলেন, তাঁদের মারা হয়নি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

চমেক ছাত্রবাসের ইনচার্জ ডা. মিজানুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। দুপুরে শুনেছি আমাদের চারজন ছাত্রকে মেরে ছাত্রবাসে আটকে রাখা হয়েছে। শুরুতে আমি হোস্টেল সুপার ডা. রিজওয়ান রোহানকে খবর নিতে বলি, কিন্তু খবর পাওয়া যাচ্ছিল না। পরে আমি প্রিন্সিপাল ম্যাডামকে বলি। তিনি পুলিশসহ গিয়ে দুই জনকে উদ্ধার করে আইসিইউতে ভর্তি করেছেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চমেক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক