মাথাব্যথা হলেই সিটিস্ক্যান করার দরকার নেই: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: মাথাব্যথা হলেই সিটিস্ক্যান বা এমআরআই করার দরকার নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বিএসএমএমইউর নিয়মিত মাসিক কেন্দ্রীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারের বিষয়বস্তু ছিল ‘মাথাব্যাথা’।
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘কোনো ব্যক্তির মাথাব্যথা হলে চিকিৎসকেরা কী করবেন, কী করবেন না, তা একটি বড় প্রশ্ন। মাথাব্যথার কারণ খোঁজার ব্যাপারে চিকিৎসককে আরও মনোযোগী হতে হবে।’
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, কমবেশি মাথাব্যথার অভিজ্ঞতা সব মানুষের আছে। মাথাব্যথার বহু কারণ থাকতে পারে। চিকিৎসা শুরুর আগে চিকিৎসকের উচিত মাথাব্যথার সঠিক কারণ নির্ণয় করা। এছাড়া সেমিনারে মাথাব্যথার নানা কারণ ও প্রতিকার নিয়ে বিশদ আলোচনা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক মো. বাহাদুর আলী মিয়া, নাক–কান–গলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং চক্ষুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আফজাল মাহফুজুল্লাহ পৃথক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া তিন শতাধিক শিক্ষক, চিকিৎসক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।
এসএস